জান্নাতের পাশে দাঁড়াতে চান অনেকেই
জান্নাত মতলব ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী জান্নাত আক্তারের (১৮) জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই। সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এমনকি পৌরসভার মেয়রও সহযোগিতার আগ্রহের কথা জানিয়েছেন।
প্রায় প্রতিদিন মায়ের কোলে চড়ে ১৫ কিলোমিটার পথ পেরিয়ে কলেজে ক্লাস করতে আসে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা জান্নাত। ৭ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘মায়ের কোলে আলোর পথে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
জান্নাতের সহপাঠীরা জানায়, তারা নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে তাকে দ্বাদশ শ্রেণির এক সেট বই কিনে দেবে। জান্নাতের জন্য এক সেট জামা, জুতাও দেবে সহপাঠীরা। কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমান জানান, কলেজ কর্তৃপক্ষ বিনা বেতনে তাকে পড়ার সুযোগ দেবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, জান্নাতকে সরকারি প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-এক দিনের মধ্যে দেওয়া হবে একটি হুইলচেয়ার। মতলব পৌরসভার মেয়র এনামুল হক জানান, পৌরসভার তহবিল থেকে তাঁকে ১০ হাজার টাকার সহায়তা দেওয়া হবে।