জাপা এককভাবে জামায়াত জোটবদ্ধ নির্বাচন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) আওয়ামী লীগের সঙ্গে না গিয়ে আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষে সম্ভাব্য তিন প্রার্থীর নাম নিয়ে আলোচনা চলছে। তবে গতকাল বুধবার পর্যন্ত দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেননি কেউ। অন্যদিকে, জামায়াতে ইসলাম বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে।জেলা ও মহানগর জাপার কয়েকজন নেতা জানান, ৫ মে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে মেয়র পদে ১৪ দলের সঙ্গে নির্বাচন না করে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, চলচ্চিত্রাভিনেতা ও প্রযোজক সোহেল রানাকে নির্বাচন করার জন্য অনুরোধ জানানো হয়।এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতা ও মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিরউদ্দিন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি মহসিন উল ইসলামের নামও আলোচনায় আসে। এ ব্যাপারে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।এ বিষয়ে মহসিন উল ইসলাম জানান, ২০০৩ ও ২০০৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ না নেওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে। সে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে দলের মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমীন হাওলাদার প্রথম আলোকে বলেন, বরিশাল জেলা জাপার চিঠি তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে দলের চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।এদিকে বরিশাল মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির বজলুর রহমান প্রথম আলোকে জানান, মেয়র পদে তাঁর দল ১৮-দলীয় জোটের সঙ্গে নির্বাচনের চিন্তা করছে। এ ব্যাপারে এখনো কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে কাউন্সিলর পদে আলাদা প্রার্থী দেওয়া হবে।বরিশাল জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৭ মে পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।