জাপা নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ওপর সন্ত্রাসী হামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সন্ধ্যা সাতটায় জেলা জাতীয় পার্টি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির ডাকা এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাপার সভাপতি আকবর ইমান আলী। বক্তব্য দেন জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি এস কে খাজা মঈনুদ্দিন, সদর উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন, মোগলহাট ইউনিয়ন জাপার সভাপতি আয়নাল হক প্রমুখ। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার দাবি জানান।১৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় মোগলহাট ইউনিয়নের কর্ণপুর গ্রামে গোলাম মোস্তফাকে একই এলাকার জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন পূর্বশত্রুতার জের ধরে পিটিয়ে গুরুতরভাবে আহত করেন। এ ব্যাপারে গোলাম মোস্তফার স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ১৯ জুলাই চারজনকে আসামি করে মামলা করেন। লালমনিরহাট থানার ওসি জমির উদ্দিন বলেন, অভিযোগের তদন্ত চলছে।