জাপা নেতার ওপর হামলার মামলায় চারজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক জাতীয় ফুটবলার ও জাতীয় পার্টির নেতা আজমত উল্লাহ খন্দকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলায় চারজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম সহিদুল ইসলামের আদালত গতকাল মঙ্গলবার বিকেলে আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন—নারায়ণগঞ্জ শহরের শহীদ সোহরাওয়ার্দী সড়ক এলাকার বাসিন্দা সুলতান শওকত, নতুন জিমখানা এলাকার আশিক আহম্মেদ, জল্লারপাড় এলাকার মো. হাবিব ও বন্দর রূপালী আবাসিক এলাকার আনিস। এঁদের মধ্যে সুলতান শওকত মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার আসামি।
পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ২০১১ সালের ১৪ জুন শহরের মণ্ডলপাড়া এলাকায় শত্রুতার জেরে সাবেক জাতীয় ফুটবলার ও জাতীয় পার্টির নেতা আজমত উল্লাহ খন্দকারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজমত উল্লাহর স্ত্রী ফারজানা বেগম ১০ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এর আগে গত ২৯ অক্টোবর ত্বকী হত্যা মামলায় সুলতান শওকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি ত্বকী হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে খুন করা হয়েছে। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। কিন্তু তিনি জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।