জাপা নেতার গুলিতে রিকশাচালক আহত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির (জাপা) এক নেতা একজন রিকশাচালককে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত রিকশাচালক শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় জাপার স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্থানীয় বারদী বাজার থেকে রিকশায় চড়ে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান মিয়া। পথে রিকশাচালক শফিকুল ইসলামের (৩০) সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহজাহান মিয়া কোমর থেকে পিস্তল বের করে রিকশাচালক শফিকুল ইসলামকে গুলি করেন। গুলি শফিকুল ইসলামের কোমরের মাঝখান দিয়ে শরীরে ঢোকে।
পরে এলাকাবাসী তাঁকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ওই হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শফিকুল ইসলামের আত্মীয় আলী হোসেন জানান, ভাড়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাগে ক্ষুব্ধ হয়ে শাহজাহান মিয়া তাঁর মামাতো ভাইকে গুলি করেন। এ প্রতিবেদন লেখার সময় রাত আটটায় শফিকুল ইসলামের অস্ত্রোপচার চলছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানান।
শাহজাহান মিয়া বলেন, ‘আমার পিস্তলটির বৈধ লাইসেন্স রয়েছে। অসাবধানতাবশত পিস্তল থেকে গুলি বের হয়ে এ ঘটনা ঘটেছে। রিকশাচালকের সঙ্গে আমার কোনো বিষয়ে কথা-কাটাকাটি হয়নি।’
স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন বলেন, ‘আমি খবর পেয়ে জানতে পেরেছি অসাবধানতাবশতই তাঁর পিস্তল থেকে গুলি বের হয়ে যায়।’