জাপা নেতার ছেলে পিস্তলসহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী উত্তরপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে একটি বিদেশি পিস্তলসহ রনি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির (এরশাদ) সহসভাপতি মোহাম্মদ আলীর ছেলে।কদমতলী এলাকার বাসিন্দা হুমায়ুন জানান, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে তাঁর ছেলে সজীবের সঙ্গে গতকাল সন্ধ্যায় মোহাম্মদ আলীর ছেলে দীপুর বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনার পর সন্ধ্যা সাতটার দিকে দীপুর বড় ভাই রনি ৩০-৪০ জন সন্ত্রাসী নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় এবং তাঁর মালিকানাধীন একটি মার্কেটের চার-পাঁচটি দোকান ভাঙচুর করে ও বেশ কিছু মালামাল লুট করে। একপর্যায়ে বাড়ির নিরাপত্তা প্রহরী গেট আটকে দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ রনিকে গ্রেপ্তার করে।তবে মোহাম্মদ আলী দাবি করেছেন, তাঁর ছেলেকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে পিস্তল দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।জানা গেছে, রনিকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি।গতকাল রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কদমতলীর বাসিন্দা হুমায়ুন মামলা করেছেন। রনিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রনিকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের নেতাদের থানায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওসি।