জাপা নেতার বাড়িতে র্যাবের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় জাতীয় পার্টির নেতা বজলুর রহমান ওরফে রিপনের বাড়িতে আজ বৃহস্পতিবার তল্লাশি চালিয়েছে র‌্যাব। এ সময় বজলুর রহমানের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে র‌্যাব।

ত্বকী হত্যা মামলায় বজলুর রহমানের ছেলে সালেহ রহমান ওরফে সীমান্ত গ্রেপ্তার রয়েছেন।

আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা, র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল রিপনের বাড়িতে এই অভিযান চালায়। এ সময় আদমজীতে র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।

মাদক মামলায় গ্রেপ্তার ইউসূফ হোসেন লিটন নামের এক আসামি গত ২৯ জুলাই নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, রিপনের ছেলে সালেহ রহমান ওরফে সীমান্তসহ আরও বেশ কয়েকজন ত্বকীকে পেটানোর পর গলা টিপে হত্যা করে। এরপর ওই দিন রাতেই লাশ নৌকায় তুলে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকায় ফেলে দেওয়া হয়।

র‌্যাব-১১-এর এএসপি রবিউল হোসেন জানান, দুপুর ১২টার দিকে বজলুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী শামীমা রহমান, ছেলে রাফি এবং রিপনের বড় ভাই আবদুস সাত্তার ওরফে শ্যামলসহ ৫/৭ জনকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক জাহাঙ্গীর আলম জানান, ত্বকী হত্যার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং ইউসুফ হোসেন লিটনের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য যাচাইবাছাই করতেই র‌্যাব মূলত অনুসন্ধান করতে রিপনের বাড়িতে যায়। তদন্তের স্বার্থে বেশি কিছু প্রকাশ করতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, বজলুর রহমান ওরফে রিপন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ও তার ছোট ভাই সাবেক সাংসদ শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রিপন নিজেকে জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক, শহর জাপার আহ্বায়ক কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা ট্রাক চালক সমিতির সভাপতি হিসেবে পরিচয় দেন। তাঁর ছেলে সীমান্ত শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। ইউসুফ হোসেনের জবানবন্দিতে ত্বকী হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম এসেছে তারা সবাই ওসমান পরিবারের ক্যাডার হিসেবে পরিচিত।

গত ৬ মার্চ নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে ত্বকী। দুই দিন পর ৮ মার্চ তার লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই রফিউর রাব্বি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে তিনি আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্র দেন। মামলার এজাহার ও অবগতিপত্রে ইউসুফের নাম ছিল না। ত্বকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ রিফাত বিন ওসমান, সালেহ রহমান ওরফে সীমান্ত ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করে। পরে ১৫ জুলাই ইউসুফ উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। এরপর র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের লোকজন তাঁকে তুলে নিয়ে যান বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।

ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাটি গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এর আগে মামলাটি পুলিশ তদন্ত করেছিল।