জাপা নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এক ব্যবসায়ী ও তাঁর ভাতিজাকে অস্ত্রের মুখে প্রকাশ্যে জনাকীর্ণ এলাকা থেকে অপহরণ করে জাপা নেতার বাড়িতে আটকে রেখে নির্যাতন করে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের মিন্নত আলী শাহ্ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ওই নেতার বাড়ি থেকে ব্যবসায়ী ও তাঁর ভাতিজাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই ব্যবসায়ী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী হাবিবুর রহমান পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, দুপুর সাড়ে ১২টায় শহরের মিন্নত আলী শাহ্ মাজারের সামনে দিয়ে তিনি ও তাঁর ভাতিজা শাহজাহান মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্ত্রাসী ইকবাল, মাহবুব, আবদুল মালেক ওরফে কলা মালেকসহ আরও চার-পাঁচজন তাঁদের অস্ত্রের মুখে গতিরোধ করে। পরে তাঁদের মারধর করে শহরের আমলাপাড়া জাতীয় পার্টির (এ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন ওরফে খোকার বাড়িতে নিয়ে যায়। পরে তাঁদের সেখানে আটকে রেখে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। টাকা না দিতে পারলে চেক লিখে দেওয়ার জন্য মারধর করে। একপর্যায়ে ব্যবসায়ীর আইনজীবী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান।

পরে পুলিশ খবর পেয়ে শহরের আমলাপাড়ার লিয়াকত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, পুলিশ খবর পেয়ে জাপা নেতার বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। লিয়াকত হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তিনি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান এবং তাঁর ভাই  সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।