জাপা নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ফরিদপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি নাজমুল হাসানের বিরুদ্ধে শহরের আলীপুর মহল্লায় দুটি পরিবারের জমি দখল ও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
নাজমুল হাসান বলেন, ‘আমি কারও জমি দখল করি নাই। আমি আমার সম্পত্তির ওপরই সীমানাপ্রাচীর করছিলাম। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’
আলীপুর মহল্লার বাসিন্দা সাংবাদিক মো. শাহাজাহান অভিযোগ করেন, তাঁর প্রতিবেশী নাজমুল হাসান জোর করে তাঁদের ৩৩ শতাংশ জমির সামনের ৫৫ বছরের পুরোনো প্রবেশপথটি বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া তাঁদের ১ শতাংশ জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ করছেন। তিনি জানান, এ ঘটনায় তিনি অভিযোগ দিলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুর রশিদ গত বুধবার ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নিখিল অধিকারী বলেন, ‘১৪৪ ধারা জারির খবর পাওয়ার পর সীমানাপ্রাচীর নির্মাণের কাজ গতকাল বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে।’
এলাকাবাসী জানায়, নাজমুল হাসান ১০ শতাংশ জমির ওপর বসবাস করেন। তাঁর বসতবাড়ির উঠানের ৫ শতাংশ জমির মূল মালিক তিনি নন এমন অভিযোগ করে রাজবাড়ী শহরের বাসিন্দা ইব্রাহিম খলিল আদালতে মামলা করেছেন।