জাপা প্রার্থীর খোঁজ নেই গণসংযোগে ব্যস্ত খসরু
দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সফিকুর রহমান। নির্বাচনের মাত্র তিন দিন বাকি। এখনো তিনি মাঠে নেই। লাঙ্গল প্রতীকের এই প্রার্থীর পক্ষে নেই পোস্টার-ব্যানারও। ভোট চেয়ে মাইকিংও হচ্ছে না। এ অবস্থায় দলের নেতা-কর্মীরা হতাশ।
সফিকুর কোনোরকম নির্বাচনী প্রচারণায় না থাকলেও গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুল মতিন খসরু। নির্বাচনে জয়ী হতে তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৬টি ইউনিয়নে গণসংযোগ করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, সফিকুর নির্বাচনী প্রচারণায় না থাকলেও তিনি বৈধ প্রার্থী। তাঁর প্রতীক ব্যালট পেপারে ছাপা হয়েছে।
জাতীয় পার্টির সূত্রে জানা গেছে, সফিকুর রহমানের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে। সরকারি কলেজে শিক্ষকতা থেকে অবসরের পর তিনি জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত হন। ২০১২ সালের ৮ আগস্ট ৫৭ সদস্যের বুড়িচং জাতীয় পার্টির আহ্বায়ক নির্বাচিত হন। দশম সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-৫ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন।
বুড়িচং উপজেলা যুব সংহতির সভাপতি কামাল হোসেন বলেন, ‘আমরা ওনাকে (সফিকুর রহমান) খুঁজে পাচ্ছি না। আমরা কাজও করছি না। আমরা হতাশ।’ বুড়িচং উপজেলা জাপার সদস্যসচিব জসিম উদ্দিন বলেন, ‘উনি (সফিকুর) নির্বাচন থেকে সরে যেতে প্রস্তুত ছিলেন। কিন্তু সরকারের লোকজন ১০ থেকে ১৩ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে ঢাকায় অজ্ঞাত স্থানে আটকে রাখায় তিনি ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।’
বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে না থাকলেও আমরা নির্বাচনী প্রচারণায় রয়েছি।’
প্রার্থী হয়েও কোনোরকম নির্বাচনী প্রচারণায় না থাকার বিষয়ে জাতীয় পার্টির প্রার্থী সফিকুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে গতকাল বুধবার দিনভর কয়েক দফা চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই ওই মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল মতিন খসরু গতকাল বিকেলে বুড়িচং উপজেলার পাঁচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন। রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সেলিম রেজা।