জাপা মন্ত্রিত্ব না নিলে ভালো হতো: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় পার্টি (জাপা) সরকারের মন্ত্রিত্ব না নিলে ভালো হতো’ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এখন সরকারে থেকে জাপা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কি না, তা নিয়েও সংশয় আছে তাঁর।
গতকাল শনিবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ মন্তব্য করে সংশয় প্রকাশ করেন।
সরকারের মন্ত্রিসভায় থেকে জাপা সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কি?—এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সবার মনে প্রশ্ন আছে, আমার মনেও আছে। তবে প্রধানমন্ত্রী মনে করেন, ঐকমত্যের সরকার হওয়া সত্ত্বেও আমরা সরকারের বিরোধিতা করতে পারব।’
‘জাপার চেয়ারম্যান হিসেবে আপনি কী মনে করেন’—এ প্রশ্নের জবাবে এরশাদ কিছুক্ষণ চুপ থেকে বলেন, ‘কঠিন প্রশ্ন আমার কাছে। সরকারের মন্ত্রী না নিলে ভালো হতো। যেহেতু মন্ত্রী নেওয়া হয়ে গেছে, এখন সরকারের সমালোচনা করা কর্তব্য হয়ে গেছে।’ তিনি বলেন, সরকারের সমালোচনা করা, ভালো কাজের প্রশংসা করা বিরোধী দলের কাজ। এতে সরকার উপকৃত হবে, জাতি ভালো কিছু পাবে। জনগণও তাই চায়।
আরেক প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ। জাপা মানে লাঙ্গল। আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়ার দায়িত্ব আমার। এর বাইরে যে যাই বলুক, সব মূল্যহীন। আমাকে ঘিরে জাতীয় পার্টি থাকবে, যত দিন বেঁচে আছি।’
এর আগে এরশাদ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল বশিরুদ্দীনসহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন।