ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত সোমবার শুরু হওয়া তিন দিনব্যাপী নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে অতিথির তালিকায় স্থানীয় সাংসদ এম এ হান্নানের নাম নেই। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হওয়ায় তাঁকে তালিকা থেকে বাদ রাখা হয়েছে বলে জানা গেছে।
উপজেলার দরিরামপুর নজরুল একাডেমির মাঠে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্রে তিন দিনের অনুষ্ঠানসূচিতে ময়মনসিংহের বিভিন্ন আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নয়জন বর্তমান ও দুজন সাবেক সাংসদের নাম অতিথির তালিকায় আছে। কিন্তু জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এম এ হান্নানের নাম নেই।
এম এ হান্নানের নামে সম্প্রতি একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন একজন মুক্তিযোদ্ধাকে আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগে মামলা হয়েছে। ওই শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে এক সপ্তাহ আগে ময়মনসিংহের বিচারিক আদালতে মামলাটি করেন। আদালতের হাকিম মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার কারণেই ওপরের নির্দেশে তাঁকে অতিথি হিসেবে রাখা হয়নি।
এ বিষয়ে সাংসদ এম এ হান্নানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে গত সোম ও গতকাল মঙ্গলবার নজরুলজয়ন্তীর অনুষ্ঠানে এম এ হান্নানের পক্ষ থেকে কয়েকজন কিশোর নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে তৈরি করা পুস্তিকা আকারের স্মারকগ্রন্থ দর্শকদের মধ্যে বিতরণ করেন। স্মারকগ্রন্থের ভূমিকায় এম এ হান্নান নিজেকে কাজী নজরুল ইসলামের চেতনার ধারক হিসেবে উল্লেখ করেন।