জাপান ঋণ না দিলেও পদ্মা সেতুর কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নির্মাণকাজ আগস্টের মধ্যে শুরু হবে। চলতি বছর জাপান ঋণ না দিলেও এ কাজ শুরু করতে সমস্যা হবে না।বুধবার সংসদ ভবনে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী, আবু জাহির, মো. গোলাম মাওলা ও অপু উকিল অংশ নেন।বৈঠক শেষে শেখ মুজিবুর রহমান জানান, চলতি মাসেই পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা হবে। আগামী জুলাই-আগস্টে কাজ শুরু হবে। তিনি বলেন, জাপানের বর্তমান দুর্যোগ পদ্মা সেতুর ঋণের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি করবে না।সভায় বাংলাদেশ রেলওয়ের ২০১০-১১ অর্থবছরে চলমান কাজের অগ্রগতিবিষয়ক তথ্য উপস্থাপন ও আলোচনা হয়।সভায় সারা দেশে রেলওয়ের জমি অবৈধভাবে দখল রোধ ও দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ইজারার জমি নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে নতুন করে ইজারা না দেওয়া এবং অব্যবহূত পড়ে থাকা রেলওয়ের জমি পরিকল্পিত উপায়ে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়।সভায় বাংলাদেশ রেলওয়ের নতুন নীতিমালার খসড়া সংসদীয় কমিটিতে আলোচনার জন্য উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া বরিশাল ও সাতক্ষীরায় রেললাইনের সংযোগ দ্রুত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় ঢাকা-সিলেট রেললাইনে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেনের তেল পাচারের অভিযোগ নিয়ে আলোচনা করে দ্রুত তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তেল পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে অপরিকল্পিতভাবে নির্মিত গতিরোধক অপসারণ করার সুপারিশ করা হয়।