জাপান গার্ডেন সিটিকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন রয়েছে ২৬টি। কিন্তু রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ একটি প্রকল্প দেখিয়ে দমকল থেকে ছাড়পত্র নিয়েছে। ভবনগুলোতে অগ্নিপ্রতিরোধের ব্যবস্থাও যথাযথভাবে পালন করা হয়নি। ভ্রাম্যমাণ আদালত জাপান গার্ডেন সিটিকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুরে ২৪/এ, তাজমহল রোডের জাপান গার্ডেন সিটিতে অভিযান চালান। জাপান গার্ডেন সিটির অধীনে ১৬ তলা ভবন রয়েছে ১৯টি। আরও সাতটি ভবন তৈরি হচ্ছে। আদালত তিনটি ভবনে অভিযান চালান। কোনোটিতে আগুনের সংকেতের কোনো ব্যবস্থা তাঁরা পাননি। এই অপরাধে আদালত ১৯টি ভবনের প্রতিটিকে ১০ হাজার করে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন।গত ১১ ফেব্রুয়ারি জাপান গার্ডেন সিটির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের নারী-পুরুষ-শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছিল। এরা হচ্ছেন তরিকুল ইসলাম, তাঁর স্ত্রী, দুই সন্তান ফাহিম ও আয়েশা, ভাই রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী ও গৃহকর্মী।ফায়ার সার্ভিস ও দমকল অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ একটি লাইসেন্স গ্রহণ করে ১৯টি ভবন নির্মাণের কাজ শেষ করেছে। এ ছাড়া আরও সাতটি ভবন নির্মাণাধীন রয়েছে। এসব ভবনের আলাদা আলাদা নকশা করা হলেও সেখানে একটি প্রকল্প দেখিয়ে একটি ছাড়পত্র নিয়েছে। বিষয়টি ভবন কর্তৃপক্ষকে দুবার লিখিতভাবে জানানোর পরও তারা কোনো উত্তর দেয়নি। তিনি বলেন, যতগুলো নকশা হবে, ততগুলো ছাড়পত্র নিতে হবে। এটাই নিয়ম।জাপান গার্ডেন সিটির উপমহাব্যবস্থাপক সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাপান গার্ডেন সিটির ভবন নির্মাণের আগে দমকল বাহিনীর ছাড়পত্র নেওয়ার পর রাজউকের অনুমোদন পাওয়া যায়। তবে পৃথকভাবে লাইসেন্স নেওয়ার প্রয়োজন রয়েছে এটা জানা ছিল না। তিনি বলেন, দমকল বাহিনীর চিঠি তাঁরা পাননি। আদালত যেসব অপরাধ চিহ্নিত করেছেন তা সংশোধন করা হবে বলে জানান তিনি।পরে আদালত মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের স্বর্ণকুঞ্জ নামক একটি ভবনে অভিযান চালান। ভবন কর্তৃপক্ষ দমকল বাহিনীর ছাড়পত্র গ্রহণ করেনি। এ ছাড়া অগ্নিপ্রতিরোধের ব্যবস্থাও যথাযথভাবে পালন করা হয়নি। এই অভিযোগে আদালত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।আদালত পরে ৩০ নম্বর শ্যামলী রিং রোডে অবস্থিত মেসার্স সুয়েটার ফ্যাশন লিমিটেডে অভিযান চালান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দমকল বাহিনীর ছাড়পত্র নেওয়া হলেও মেয়াদ শেষে আর নবায়ন করা হয়নি। এ ছাড়া অগ্নি প্রতিরোধের ব্যবস্থা অপর্যাপ্ত ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ভবনের দ্বিতীয় তলার ডিএনএম নামক সুয়েটার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ভবনের চতুর্থ তলার আরএন সুয়েটার কারখানাকে সতর্ক করেছেন আদালত।ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয় র‌্যাব-২, দমকল বাহিনী ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।