জাপান-জার্মানির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০১৩ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাধোশিমা ও জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনজে।
গতকাল বুধবার সকালে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান এবং দুই কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসিরউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগের কথা জানান দুই রাষ্ট্রদূত। তাঁরা বর্তমান সংসদের শেষ অধিবেশনে দুদক আইনের পুনঃসংশোধনী আশা করছেন।

সাক্ষাৎ শেষে দুদক কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। সংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর সঙ্গে ছিলেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাধোশিমা।
আলব্রেখট কনজে বলেন, তাঁদের মনে হয়েছে, সদ্য সংশোধিত দুদক আইন বাংলাদেশের সংবিধানের ২৭ ধারার সঙ্গে (সকল নাগরিক আইনগতভাবে সমান অধিকার পাবেন) সাংঘর্ষিক। এ সরকারের মেয়াদেই দ্রুত আইনটির পুনঃসংশোধনী করে বিষয়টির সুরাহা করা উচিত। অন্যথায় দুদকের কাজ করার স্বাধীনতা ক্ষুণ্ন হবে।

পরে দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, দুই রাষ্ট্রদূত দুদক আইনের সংশোধনী নিয়ে জানতে চেয়েছেন। দুদকের পক্ষ থেকে এ বিষয়ে অবহিত করা হয়। তিনি বলেন, ‘রাষ্ট্রদূতদের প্রশ্নের উত্তরে জানিয়েছি, আগের আইনটি কাজ করার জন্য যথেষ্ট ভালো ছিল। সংসদীয় কমিটি আইনটিকে সংশোধনের বিষয়ে এগিয়েছিল, যাতে করে দুদক আরও শক্তিশালী হয়।

এ সংশোধিত আইনে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা যুক্ত করা হয়েছে। এ ছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে সরকারের অনুমতির বিষয়ে বলা হয়েছে, যা অস্পষ্ট ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ৩২ (ক) ধারা এ সংশোধনীতে রেখে দুদকের হাত-পা বেঁধে এটিকে কার্যত পঙ্গু করা হয়েছে।’
এর আগে দুদকের চেয়ারম্যান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।