জাপান টোব্যাকো ও আকিজের মধ্যকার চুক্তি প্রসঙ্গে প্রজ্ঞা

জাপানি তামাক কোম্পানি জাপান টোব্যাকো (জেটি) গ্রুপ বাংলাদেশে ব্যবসার সুযোগ পাচ্ছে। দেশের আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডকে (ইউডিটিসি) কিনে নিয়েছে জেটি। তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা বলছে, এ পদক্ষেপ জনস্বাস্থ্যবিরোধী।
৬ আগস্ট ওই দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। জাপানের কোম্পানিটি বিনিয়োগ করছে ১৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩৯৮ কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা হিসাবে)। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিশ্বের তৃতীয় বৃহত্তম তামাক কোম্পানি বাংলাদেশে এখন থেকে ব্যবসা করতে পারবে।
প্রজ্ঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের জনস্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলার এই পদক্ষেপ চরম নিন্দনীয় এবং জনস্বাস্থ্যবিরোধী। বহুজাতিক তামাক কোম্পানিগুলো পণ্যের বৈচিত্র্যময়তা এবং আগ্রাসী বিপণন কৌশল অবলম্বন করে দ্রুত স্থানীয় বাজার দখল করে নেয়, বিশেষ করে তরুণসমাজ এতে আকৃষ্ট হয় বেশি। বাংলাদেশে বর্তমান মোট জনগোষ্ঠীর ৩১ শতাংশই তরুণ। এই তামাক কোম্পানির লক্ষ্যও হবে তরুণসমাজ।
প্রজ্ঞা বলে, জাপানের বাজারে জেটির সিগারেট বিক্রয় উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পেয়েছে। তাই সিগারেট বাজারে বিশ্বের অষ্টম স্থানে থাকা বাংলাদেশ এখন জাপান টোব্যাকোর অন্যতম প্রধান লক্ষ্য। বাংলাদেশে বর্তমানে প্রতিবছর প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করে। অসুস্থ হয় আরও কয়েক লাখ মানুষ।
প্রজ্ঞার সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তামাকের এই ভয়াবহতা উপলব্ধি করে প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কিন্তু নতুন বিনিয়োগের নামে তামাক ব্যবসা সম্প্রসারণের সুযোগ প্রদান এই অঙ্গীকারের পরিপন্থী। বিজ্ঞপ্তি