জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ইএসএমআর হার্ট থেরাপি
বিশ্ব হার্ট দিবসে গত শনিবার হূদেরাগীদের জন্য ইএসএমআর হার্ট থেরাপি সংযোজন করেছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। বাংলাদেশে এ ধরনের চিকিৎসাব্যবস্থা এই প্রথম বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। রক্তনালির গঠন বৈশিষ্ট্যের কারণে হার্টের রক্তনালিতে ব্লক থাকার পরও রিং বসানো বা বাইপাস সার্জারি করানো যাচ্ছে না, হার্টের ছোট ছোট রক্তনালিগুলোতে ব্লক থাকার কারণে রিং বসাতে সমস্যা—এমন রোগীদের চিকিৎসা করা হবে এই হার্ট থেরাপির মাধ্যমে।ইএসএমআরের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক। এ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান কে এম এইচ এম সিরাজুল হক, বারডেম হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এ কে এম মহিবুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান এইচ আই লুৎফর রহমান খান, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যথা বিশেষজ্ঞ জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট লেপারোস্কপিক সার্জন সরদার এ নাঈম। বিজ্ঞপ্তি।