জাপান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান এবারও বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশের আসনটি ধরে রেখেছে। এ নিয়ে দেশটি টানা ২২ বারের মতো এই মর্যাদায় সমাসীন থাকল।আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন ডলারের বিনিময়ের হার বেড়ে জাপানের বৈদেশিক সম্পদের মূল্যমান জোরদার হওয়ায় ঋণদাতা হিসেবে দেশটি শীর্ষস্থান বজায় রাখতে সক্ষম হলো। গতকাল মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য-উপাত্তে এই চিত্র উঠে এসেছে। খবর এএফপির।এ ক্ষেত্রে জাপানের পেছনেই রয়েছে এশিয়ার প্রধান ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীন। আর তৃতীয় বৃহত্তম ঋণদাতা দেশ হয়েছে বিশ্বের আরেক বড় অর্থনীতি জার্মানি।সর্বশেষ হিসাব অনুযায়ী গত বছরের শেষে জাপানের নিট বৈদেশিক সম্পদের মূল্যমান ছিল ২৯৬ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন (প্রতি ট্রিলিয়নে এক লাখ কোটি)। ডলারের হিসাবে গতকাল অঙ্কটি দাঁড়ায় ২ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ধরা হয়েছে ৮৬ দশমিক ৩২ ইয়েন।গত বছরের শেষে চীনের বৈদেশিক সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৫০ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন। জার্মানিতে এই পরিমাণ ১২১ দশমিক ৯ ট্রিলিয়ন ইয়েন। তালিকায় জার্মানির পেছনে থাকা দুই দেশ সুইজারল্যান্ড ও হংকংয়ের বৈদেশিক সম্পদের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৮৪ দশমিক ৭ ট্রিলিয়ন ইয়েন ও ৬৩ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন।এদিকে বিশ্লেষকেরা মনে করেন, বিশেষ করে জ্বালানির আমদানি বাড়ার জের ধরে জাপান বড় ধরনের বাণিজ্য ঘাটতি মুখে পড়ায় শীর্ষ ঋণদাতার আসনটি ধরে রাখতে পারবে এমন নিশ্চয়তা নেই।