জাপানকে সাহায্যে উদ্ধারকারী দল প্রস্তুত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাপানে উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে বাংলাদেশ এরই মধ্যে চিকিৎসকসহ একটি উদ্ধারকারী দল গঠন করেছে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামৎসু শিনোৎসুকা গতকাল রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা জানান। খবর বাসস’রপ্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জাপানে যেতে প্রস্তুত, আমাদের উদ্ধারকারী দল জাপানের জনগণকে সাহায্য করতে প্রস্তুত।’ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রী জাপান সরকার চাইলে সে দেশের ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জনগণকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জাপান সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে জাপান সরকার বাংলাদেশকে প্রচুর সহায়তা দিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশকে সহায়তাদানকারী একক দেশ হিসেবে জাপানের অবস্থান শীর্ষে। জাপান ও এর জনগণের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে।