জাপানি অর্থায়নের প্রকল্পে কিছুটা স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গুলশান হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার পর ওই দেশের অর্থায়নে বা জাপানি ঠিকাদারদের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজে কিছুটা স্থবিরতা এসেছে। জাপানি নাগরিকেরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দিচ্ছেন। আর প্রকল্প কর্তৃপক্ষও নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করছে।
সর্বশেষ কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে দরপত্র কার্যক্রমের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুরোধে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাপান। প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এর সিংহভাগ, অর্থাৎ প্রায় ২৯ হাজার কোটি টাকা দেবে জাপান সরকার।
অবশ্য গত শুক্রবার বার্তা সংস্থা কিয়োদোর বরাত দিয়ে জাপান টাইমস পত্রিকা জানায়, নিরাপত্তার কারণে দরপত্র কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সরকার। গতকাল শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও স্থগিতের কথা বলেন। কিন্তু পরে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাসেম প্রথম আলোকে বলেন, এই দরপত্র প্রক্রিয়া ২৫ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এটি এক মাস বাড়িয়ে ২৪ আগস্ট করা হয়েছে। দরপত্রে অংশ নেওয়া দুটি প্রতিষ্ঠানের অনুরোধের কারণে এক মাস সময় বাড়ানো হয়েছে।
তিনটি ভাগে এই প্রকল্পের কাজ হওয়ার কথা। এর মধ্যে ভূমি উন্নয়নের কাজ জাপানের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শুরু করেছে। দরপত্রে জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
মাতারবাড়ী প্রকল্পটি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন মেট্রোরেল ও তিনটি বড় সেতু নির্মাণ প্রকল্প চলমান আছে। সব কটি প্রকল্পে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা। প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাইকা ও জাপানি বিশেজ্ঞরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকলেও বাংলাদেশের চলমান প্রকল্পে অর্থায়ন ও বাস্তবায়নে বদ্ধপরিকর।
জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় তাদের বড় প্রকল্পের যেসব স্থানে বিদেশিরা কাজ করছেন, সেখানে পুলিশের একটি ও আনসার বাহিনীর একটি করে স্থায়ী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিদেশিদের যাতায়াতের সময় পাহারার ব্যবস্থা করা হচ্ছে।
জানতে চাইলে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘সব প্রকল্পের ঠিকাদারদের নিয়ে বৈঠক করে তাঁদের চাহিদা 

চেয়েছি। আমরাও কী কী নিরাপত্তাব্যবস্থা নিয়েছি, তা জানিয়েছি। বিদেশিরা সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট। সুতরাং, কোনো প্রকল্পের কাজে আর কোনো সমস্যা নেই।’

জাপানের অর্থায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন কাঁচপুর, মেঘনা ও গোমতীতে বিদ্যমান তিনটি সেতুর পাশে নতুন তিনটি সেতু নির্মাণ প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান জাপানি। প্রকল্পের কাজে যুক্ত জাপানি ও বিদেশি নাগরিকদের পুরোদমে কাজে নামানোর আগে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রকল্প কর্তৃপক্ষকে চিঠি দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

এর পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই তিন সেতু নির্মাণ ও মেরামতে নিয়োজিত ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়ে মেঘনা সেতু প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বৈঠক করে। সূত্র জানায়, বৈঠকে প্রকল্প এলাকায় নিরাপত্তা টাওয়ার, ফ্লাড লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও সার্বক্ষণিক পুলিশ-আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বিদেশি কিছু কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রকল্প এলাকায় যাচ্ছেন।

৯ ও ১০ জুলাই ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে চিঠি দেয় সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ)। এরপর জাইকার বাংলাদেশ প্রধান মিকিও হাতেদা আরেকটি চিঠি দেন সড়ক পরিবহনসচিবকে। এই চিঠি পেয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়।

ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠান প্রকল্পের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা নিরাপত্তার স্বার্থে ৭৪ জন পুলিশ নিয়োগের দাবি করে। মেঘনা সেতু প্রকল্প এলাকায় বিদেশিদের থাকার স্থানে দিনে চারজন ও রাতে আটজন সেনাসদস্য নিয়োগের দাবি করেছে তারা। একই সঙ্গে পাঁচটি টহল নৌকা সরবরাহের চাহিদা দেওয়া হয়েছে।

এদিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন হয় জুনে। গুলশান হামলার পর ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেলের কাজে যাচ্ছেন না বিদেশিরা। তবে প্রকল্প কর্তৃপক্ষ কার্যালয় ও বিদেশিদের যাতায়াতের স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান নিপ্পন কোই-এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা ঢাকায় আসছেন। তাঁদের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা নিয়ে বৈঠকের পর পুরোদমে কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাপানি অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা। জাইকা প্রায় ১৬ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। ২০১৯ সালের মধ্যে মেট্রোরেলের একাংশ চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রকল্প পরিচালক মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজ বন্ধ নেই। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখন আর সমস্যা নেই।

মেট্রোরেল-১ ও মেট্রোরেল-৫ নামে আরও দুটি লাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাই করছে জাইকা। এই প্রকল্পে যে পরামর্শক কাজ করছিলেন, তাঁদের মধ্যে সাতজন গুলশান হামলায় মারা যান। দলনেতাও আহত হয়েছেন। প্রকল্প সূত্র জানিয়েছে, নতুন করে কাজ শুরু করতে হলে পুনরায় বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।

ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন প্রথম আলোকে বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের কাজ স্থানীয়দের দিয়ে চলছে। জাপানি কোম্পানি শিগগিরই লোক দেবে। কাজ বন্ধ হচ্ছে না।