জাপানি গণমাধ্যমে ব্যাপক আলোচিত কুনিও হত্যা
জাপানি নাগরিক কুনিও হোশির হত্যার বিষয়টি জাপানের সংবাদমাধ্যমে গতকাল শনিবার ব্যাপকভাবে আলোচিত হয়। দেশের সব প্রধান সংবাদপত্রের ইন্টারনেট সংস্করণে এই সংবাদ প্রকাশ করা হয়। টেলিভিশনের খবরেও এ ঘটনা প্রচারিত হয়।
জাপান সরকার গতকাল শনিবার এ কপি লেখা পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে জাপানি বার্তা সংস্থা কিওদো নিহত ব্যক্তির পরিচয় ৬৬ বছর বয়সী কুনিও হোশি উল্লেখ করেছে।
জাপানের সংবাদমাধ্যমের পাশাপাশি দেশের সাধারণ নাগরিকদের মধ্যেও এ হত্যার ঘটনায় বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই ধরনের প্রতিক্রিয়া হতে পারে সে দেশের ব্যবসায়ী মহলে।
গত সোমবার ঢাকায় ইতালির একজন নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক জাপানি নাগরিকদের জন্য ভ্রমণ-সংক্রান্ত সতর্কতামূলক পরামর্শ কিছুটা জোরালো করে।
এদিকে জাপানে বাংলাদেশের দূতাবাসও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাপানি নাগরিক কুনিও হোশির নিহত হওয়াকে খুবই দুঃখজনক আখ্যায়িত করে গভীর শোক প্রকাশ করেছেন।