জাপানের গণমাধ্যমগুলোতে গুলশানের হোলি আর্টিজান বেকারির হত্যাকাণ্ডের বর্ষপূর্তির সংবাদ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ওই হামলায় জাপানের সাত নাগরিক নিহত হন। জাপানের নাগরিক সম্প্রচার কেন্দ্র এনএইচকে ৪৫ মিনিটের এক বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান সম্প্রচার করে। তাতে মর্মান্তিক সেই ঘটনার নানা দিকের ওপর নজর দেওয়া হয়।
অনুষ্ঠানের মূল অনুসন্ধান ছিল জাপানের নাগরিকত্ব গ্রহণ করা বাংলাদেশি নও-মুসলিম সুজিত দেবনাথ বা সাইফুল্লাহ ওজাকি হোলি আর্টিজানের ঘটনার সঙ্গে কতটা জড়িত ছিলেন তা খুঁজে দেখা।
এনএইচকে এই প্রামাণ্য অনুষ্ঠান ছাড়াও রাতের খবরে ঢাকায় মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তি পালনের ফুটেজসহ সংবাদ প্রচার করেছে। বাংলাদেশে জাপানের উপস্থিতির বিষয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের উপপরিচালক কাতসুও মাতসুমোতোর সংক্ষিপ্ত সাক্ষাৎকার সেখানে অন্তর্ভুক্ত ছিল। জাইকা কর্মকর্তা এনএইচকে-কে বলেছেন, নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করে আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ায় জাইকা জড়িত থাকবে। বাংলাদেশে জাইকার উপস্থিতির সরাসরি উদ্ধৃতি না দিলেও তিনি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বিস্তৃত হয়ে চলার মুখেও জাপানের আন্তর্জাতিক অবদান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উল্লেখ করেছেন।
এনএইচকের খবরে বলা হয়, গুলশান হত্যাকাণ্ডের পর জাইকা বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর কাজ সাময়িকভাবে বন্ধ করে দিলেও জাপানের সাহায্য সংস্থা আবারও সেখানে কাজ শুরু করেছে। জাপানি কোম্পানিগুলোকে সার্বক্ষণিক সতর্কতা বজায় রেখে চলতে হচ্ছে। সতর্কতামূলক দৃষ্টান্তের উদাহরণ হিসেবে ফুটেজে মেট্রোরেল প্রকল্পের চলমান কাজ দেখানো হয় এবং বলা হয় যে এ-জাতীয় উন্নয়নকাজ যে জাপানি সহযোগিতায় পরিচালিত, আগে তা বেশ বড় আকারের সাইনবোর্ডে লেখা থাকলেও এখন সে রকম কিছুই সেখানে নেই। অস্ত্রধারী পুলিশের সার্বক্ষণিক উপস্থিতির মধ্যে কাজ এগিয়ে যাচ্ছে।
এ ছাড়া খবরে আরও বলা হয়, ২৫০টির মতো জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার কারণে জাপানের কোনো কোম্পানি এখন পর্যন্ত বাংলাদেশে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়নি। তবে কোম্পানির জাপানি কর্মীদের সবাই কঠোর সতর্কতা বজায় রেখে কাজ করছেন। তাঁরা প্রায় সব ক্ষেত্রেই পরিবারের সদস্যদের জাপানে রেখে এসেছেন।
এনএইচকে ছাড়াও জাপানের নেতৃস্থানীয় অনেক সংবাদপত্রই গুলশান ঘটনার বর্ষপূর্তির খবর ছেপেছে। কয়েকটি সংবাদপত্র বার্তা সংস্থা জিজি প্রেসের পরিবেশিত খবর ছাপায়। সেসব খবরে বাংলাদেশের মানুষের জীবনের ওপর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। হোলি আর্টিজানের সাবেক এক কর্মচারী জিজি প্রেসের সাংবাদিককে বলেছেন, সেই রাতের ভয়াবহ স্মৃতি মনে পড়ে গেলে আজও রাতভর তিনি ঘুমাতে পারেন না।
জাপানের বহুল প্রচারিত দৈনিক আসাহি শিম্বুন ১ জুলাই হলি আর্টিজানে নিহত সাত জাপানির একজন মাকোতো ওকামুরার ৭২ বছর বয়সী পিতা কোজি ওকামুরার সাক্ষাৎকার ছেপেছে। কোজি সেখানে স্মরণ করেছেন তাঁর ছেলে উন্নয়নশীল দেশে কাজ করতে কতটা উৎসাহী ছিলেন। ৩২ বছর বয়সী মাকোতো ঢাকায় গিয়েছিলেন মেট্রোরেল প্রকল্পের ট্রাফিক পরামর্শক হিসেবে। এর আগে তুরস্ক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও মাকাতো কাজ করেছেন।
কোজি ওকামুরা বলেন, স্কুলজীবন থেকেই নগর উন্নয়নে কাজ করার স্বপ্ন ছিল মাকাতোর। ছুটির দিনে বাড়িতে খেলনার রেলপথ বসিয়ে মগ্ন থাকত। তখন কেউই বুঝতে পারেনি সেই পেশাই একসময় মাকাতোর প্রাণ কেড়ে নেবে।
এবার ঢাকায় রওনা হওয়ার আগের রাতে মাকাতো এসেছিলেন বাবার সঙ্গে দেখা করতে। রাতের খাওয়াদাওয়ার পর কোজি তাঁর চিবা জেলার তোমিসাতো শহর থেকে গাড়ি চালিয়ে নিয়ে ছেলেকে পৌঁছে দিয়েছিলেন তাঁর টোকিওর অ্যাপার্টমেন্ট ভবনে। বিদায় নেওয়ার আগে মাকোতো বলেছিলেন, এবার তিনি হানেদা বিমানবন্দর হয়ে ফিরে আসবেন বলে বাবাকে আর যেতে হবে না তাঁকে তুলে আনার জন্য।
এরপর কান্নাভেজা কণ্ঠে পিতা কোজি ওকামুরা আসাহির সাংবাদিককে বলেছেন যে ছেলে না চাইলেও হানেদা বিমানবন্দরে তাঁকে যেতে হয়েছে কফিনে ফিরে আসা ছেলেকে গ্রহণ করতে। কফিনের ডালা খুলে বাবাকে দেখানো হয়েছিল ছেলের নিথর দেহ। মাকাতোর মুখে ছিল একটি গভীর ক্ষতচিহ্ন। ছেলের মুখের দিকে তাকিয়ে একটি কথাই কেবল তিনি তখন বলতে পেরেছিলেন, ‘মানুষ কী করে এতটা নিষ্ঠুর হয়?’