জাপানি দুই শিশুর কথা শুনলেন আদালত, পরবর্তী শুনানি বৃহস্পতিবার
জাপান থেকে আসা দুই শিশুকে নিয়ে করা মামলার শুনানিতে হাইকোর্ট বলেছেন, পারস্পরিক (শিশুদের বাবা ও মা) সমঝোতার জন্য প্রথমে সুযোগ দেওয়া হয়, তা হয়নি। এ জন্য কিছুটা সময় গেছে। পারস্পরিক সমঝোতার ওপরই সবকিছু নির্ভর করে বলে মনে করেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।
রিট আবেদনকারী শিশুদের মায়ের আইনজীবী কিছু সম্পূরক কাগজ ও তথ্যাদি আজ আদালতে দাখিল করেন। এর জবাব দেওয়ার জন্য শিশুদের বাবার আইনজীবী সময়ের আরজি জানান। শুনানি নিয়ে আদালত ২৮ অক্টোবর পরবর্তী শুনানির দিন রেখেছেন।
উভয় পক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেছেন, ‘শুনানি মুলতবি করা হলো।
বৃহস্পতিবার দুপুর দুইটায় শুনানির জন্য রাখা হলো। সম্পূরক তথ্যের বিষয়ে এর মধ্যে জবাব দিতে পারবেন। লিখিত বক্তব্য থাকলে উভয় পক্ষ তা–ও দিতে পারবেন। নিজেরা বসে কথা বলার চেষ্টা করবেন বলেছিলেন, করেছেন কি না, জানি না। সে চেষ্টা থাকলেও করতে পারেন।’
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে বলেছিলেন, দুই শিশু তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর সঙ্গে গুলশানের বাসায় থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শিশুদের বাবা ইমরান শরীফ দিনের বেলা তাদের সঙ্গে দেখা ও সময় কাটাতে পারবেন। এভাবে চলবে জানিয়ে আদালত ২১ অক্টোবর শুনানির দিন রাখেন। এ অনুসারে আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে এরিকোর (রিট আবেদনকারী) পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরানের শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ। আদালতের আদেশ অনুসারে দুই শিশুকে আদালতে উপস্থিত করা হয়। আদালত তাদের বক্তব্যও শোনেন।
শুনানিতে শিশুদের মায়ের আইনজীবী শিশির মনির কিছু সম্পূরক তথ্য ও কাগজপত্র দাখিল করেন। অন্যদিকে শিশুদের বাবার আইনজীবী গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধন চান।
শুনানিকালে আদালত বলেন, ‘চেম্বারে বাচ্চাদের কথা শুনেছি। প্রবেশন কর্মকর্তা শিশুদের নিয়ে এসেছেন। তাঁর সঙ্গেও কথা বলেছি।’
শুনানিতে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ‘সর্বশেষ আদেশ সংশোধন চেয়ে বাবা আবেদন করেছেন। চাচ্ছি, সার্বক্ষণিক বাবা–মা যেন শিশুদের নিয়ে একসঙ্গে থাকতে পারেন।’
আদালত বলেন, মা–বাবার একসঙ্গে থাকার অনুমতি দেওয়া যেতে পারে। তবে হয় ব্যাংকক অথবা তৃতীয় কোনো দেশে গেলে একসঙ্গে থাকবেন।
তখন ফাওজিয়া করিম বলেন, সুজলা–সুফলা বাংলাদেশে হতে পারে। একপর্যায়ে আদালত বলেন, ‘আপনারা মাঝে মাঝে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড। উনি (মা) বাংলাদেশে একা। লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। অস্ট্রেলিয়া, ব্যাংককে যদি যেতে চান, তাহলে একসঙ্গে পাঠানো যেতে পারে।’ তখন ফাওজিয়া করিম বলেন, সিলেটের প্যালেসে যেতে পারেন। এটি ভালো রিসোর্ট।
রিট আবেদনকারী (শিশুদের মা) সম্পূরক আবেদন দিয়েছেন জানিয়ে এর জবাব দেওয়ার জন্য তিন দিন সময় চেয়ে আরজি জানান ফাওজিয়া করিম ফিরোজ। তখন শিশির মনির বলেন, সম্পূরক আকারে কয়েকটি কাগজ দেওয়া হয়েছে। মায়ের চাকরি চলে গেছে, ই–মেইল পাঠিয়েছেন—মেয়াদ বাড়ানো যায় কি না, সে জন্য। মায়ের সমস্যা বিবেচনায় মঙ্গলবার দিন রাখার আরজি জানান তিনি।
পরে বৃহস্পতিবার দিন রেখে আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘আগের (৩০ সেপ্টেম্বর) আদেশ অনুসারে চলবে। আশা করি, বৃহস্পতিবার শেষ করবেন। এটি লম্বা করতে চাই না।’
২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক এরিকো নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাঁদের তিনটি মেয়েসন্তান। গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে এসে গত ১৯ আগস্ট রিট করেন এরিকো।