জাপানি নাগরিক কুনিও হত্যার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুনিও হত্যা
কুনিও হত্যা

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় আজ মঙ্গলবার সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আজ এই মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, ২০১৭ সালের ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, কুনিও হত্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তাঁরা হলেন মাসুদ রানা, ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, সাদ্দাম হোসেন, আহসানউল্লাহ আনসারি ও নজরুল ইসলাম। তাঁদের মধ্যে নজরুল রাজশাহীতে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বাকি সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্ত সাতজনের মধ্যে সাদ্দাম ও আহসানউল্লাহ পলাতক রয়েছেন। বাকি পাঁচজনকে আজ আদালতে হাজির করা হয়।

গত বছরের ৩ অক্টোবর রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই জাপানি নাগরিক ওই এলাকায় একধরনের ঘাসের চাষ করতেন। কুনিও হত্যায় জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।