জাপানি নাগরিক হত্যায় গ্রেপ্তার ৩ জন অস্ত্র মামলায় রিমান্ডে
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে অস্ত্রসহ গ্রেপ্তার তিনজনের অস্ত্র মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রিমান্ড আদেশ দেন।
এই তিনজন হলেন রাজীব হাসান ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন ওরফে ব্ল্যাক রুবেল ও কাজল চন্দ্র বর্মণ ওরফে ফরসা কাজল। তিনজনের বাড়িই রংপুর শহরে। র্যাব বলেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতনইল ও বিদিরপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার তাঁদের আটক করা হয়। পরদিন শুক্রবার র্যাব তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা করে। এর মধ্যে একটি মামলার আসামি রাজীব আর অন্যটির আসামি বাকি দুজন। কিন্তু ওই মামলা দুটিতে কুনিও হত্যার ঘটনায় তাঁদের জড়িত থাকার বিষয়টি উল্লেখ ছিল না। অস্ত্র মামলায় ওই দিন তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের চাঁপাইনবাবগঞ্জের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার তাঁদের রংপুরে কুনিও হোশি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তবে আটক তিনজনেরই পরিবারের অভিযোগ, গত মাসের শুরুর দিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের তুলে নিয়ে যায়। এর মধ্যে দুটি পরিবার তখন থানায় জিডি ও সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, এই দুই মামলাতেই ওই তিনজনের ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আজ শুনানি শেষে আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী। আর রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।