কুনিও হত্যায় ফের রিমান্ডে হিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ওরফে হিরাকে জিজ্ঞাসাবাদে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রংপুরের বিচারিক হাকিম আবু তালেব আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। পুলিশ ও আদালত সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

৫ অক্টোবর হিরাকে প্রথম দফায় ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ওই রিমান্ডের মেয়াদ গতকাল বুধবার শেষ হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও আদালত সূত্র জানায়, হিরাকে জিজ্ঞাসাবাদে গতকাল দ্বিতীয় দফায় আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়। এ দফায় পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, কুনিও হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একজন কুনিওর ব্যবসায়িক সহযোগী হিরা। অন্যজন রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব। বিপ্লবকেও ৫ অক্টোবর ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ১০ অক্টোবর তাঁর রিমান্ড বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে থাকা কুনিওর বাড়িওয়ালা গোলাম জাকারিয়া ওরফে বালা, রিকশাচালক মুন্নাফ আলী ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেনকে এখনো ছেড়ে দেওয়া হয়নি।

৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।