জাপানি নাগরিককে খুন করে লাশ গুম, পাঁচজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নারী হিরোয়ে মিয়াতাকে (৬১) অপহরণের পর খুন করে লাশ গুম করা হয় বলে মামলায় উল্লেখ করেছে পুলিশ। জাপান দূতাবাসের অনুরোধে পুলিশ মিয়াতার নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত করে হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে উত্তরা পূর্ব থানায় মামলা করে। গতকাল মঙ্গলবার পুলিশ ঢাকা ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁদের চার দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার চার ব্যক্তিরা হলেন মো. মারুফুল ইসলাম (৩০), রাশেদুল হক ওরফে বাপ্পী (৪২), ফখরুল ইসলাম (২৭) , বিমলচন্দ্র শীল (৪০) ও মো. জাহাঙ্গীর (২৮)। এদের মধ্যে বিমল পেশায় চিকিৎসক। পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তৈরি পোশাক ব্যবসায়ী। জাপানের নাগরিক মিয়াতার মাধ্যমে তাঁরা জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতেন। ঘটনার পর পালিয়ে যাওয়া এজাহারভুক্ত প্রধান আসামি মো. জাকির পাটোয়ারিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মিয়াতার হত্যার ঘটনায় ২২ নভেম্বর উত্তরা পূর্ব থানার পুলিশের করা মামলায় বলা হয়, এজাহারভুক্ত আসামিরা কৌশলে মিয়াতাকে অপহরণ করে পরস্পর যোগসাজশে হত্যা করেন। তাঁরা মিয়াতার নাম-পরিচয় গোপন করে লাশ গুম করে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। পরে তাঁরা মিয়াতার মালামাল চুরি করে নিয়েছেন। মামলার বাদী হয়েছেন থানার পরিদর্শক (অভিযান) মো. মিজানুর রহমান।
মিয়াতা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তারের খবর জানাতে গতকাল বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকে বাতিল করে ডিএমপি। সংবাদ সম্মেলনে যোগ দিতে এসেও পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা পরে চলে যান। জাপান দূতাবাসের অনুরোধে সংবাদ সম্মেলন বাতিল করা হয় বলে পুলিশ কর্মকর্তারা বলেন।
উত্তরা পূর্ব থানার পুলিশ বলেছে, গ্রেপ্তার করা পাঁচ ব্যক্তিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ১৯ নভেম্বর জাপান দূতাবাসের একজন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় হিরোয়ে মিয়াতা নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ২৯ অক্টোবর মিয়াতার মৃত্যুর পর তাঁর পরিচয় ও নাগরিকত্ব গোপন করে হালিমা খাতুন নামে উত্তরা ১২ নম্বর সেক্টরের ঢাকা উত্তর সিটি করপোরেশন কবরস্থানে সমাহিত করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, মিয়াতার লাশ তুলে ময়নাতদন্তের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। কাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা গতকাল প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
মামলার সূত্রে জানা গেছে, মিয়াতা প্রতি সপ্তাহে তাঁর মাকে ফোন করতেন। গত ২৬ অক্টোবর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর মা মিয়াতাকে খুঁজে বের করে নিরাপত্তার ব্যবস্থা করতে ঢাকায় জাপানি দূতাবাসের কর্মকর্তাদের অনুরোধ করেন।
জিডির পরে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে এজাহারভুক্ত আসামি জাকিরুল ইসলাম পাটোয়ারি (৪২) ও মারুফুল ইসলাম ব্যবসায়ী অংশীদার মিয়াতার। তাঁরা মিয়াতাকে সিটি হোমস হোটেলে রাখতেন। রাশেদুল সুকৌশলে তাঁকে অপহরণ করে নিয়ে যান। এরপর বসুন্ধরা আবাসিক এলাকায় ফখরুলের বাসায় আটকে রাখেন। তাঁরা মিয়াতাকে আটকে রেখে জাপানে তাঁর স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন।
এজাহারে বলা হয়, বিমলচন্দ্র শীলের উপস্থিতি ও সহায়তায় পাঁচ আসামি ২৯ অক্টোবর ভোররাত চারটার দিকে সুকৌশলে মিয়াতাকে হত্যা করেন। ওই দিন বিকেলে মারুফুল মিয়াতার লাশ সমাহিত করেন। মিয়াতার ল্যাপটপটি রাশেদুলের প্রতিষ্ঠান থেকে জব্দ করে পুলিশ।
মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেন, ২৭ অক্টোবর মিয়াতা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁকে পাশের একটি ওষুধের দোকান থেকে স্যালাইন ও ওষুধ কিনে খাওয়ানো হয়। ২০০৬ সালে মিয়াতার বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাঁকে কোনো হাসপাতালে নিতেও সাহস করেননি তাঁরা।