জাপানি নাগরিকদের আরও সতর্ক হতে বলল দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবস্থান করছেন বা বাংলাদেশে আসতে চাচ্ছেন এমন জাপানি নাগরিকদের অধিক সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দিয়েছে জাপান দূতাবাস। জাপানি নাগরিকদের নিরাপত্তা পরামর্শ ‘হালনাগাদ’ করার অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয় বলে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে। 


জাপানের নাগরিক কুনিও হোশি নিহত হওয়ার ঘটনায় আইএস জড়িত বলে বিদেশি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার জের ধরে আজ রোববার ঢাকাস্থ দূতাবাসের দাপ্তরিক ফেসবুক পাতায় জাপানি ভাষায় এই পরামর্শ দেওয়া হয়। খবর ইউএনবির।

ঢাকায় জাপান দূতাবাসের মুখপাত্র তাকেশি মাতসুঙ্গা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, জাপানি নাগরিকদের আরও সতর্কতা ও উচ্চমানের নিরাপত্তার সঙ্গে চলতে বলা হয়েছে। তিনি বলেন, ‘রংপুরের ঘটনা সম্পর্কে আমরা আমাদের নাগরিকদের অবহিত করেছি। আমরা সতর্কতার ব্যাপারে নাগরিকদের অতিরিক্ত তথ্য সরবরাহ করেছি।’ কুনিও হোশির হত্যাকাণ্ডে আইএস জড়িতের ব্যাপারে তাকেশি মাতসুঙ্গা বলেন, ‘এই ব্যাপারে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।’