জাপানি নারী হত্যা: ৫ আসামি ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়াতাকে হত্যা মামলায় পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে সিএমএম আদালত এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
রাজধানী উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়াতাকে হত্যা মামলায় পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে সিএমএম আদালত এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

রাজধানী উত্তরায় জাপানি নারী হিরোয়ি মিয়াতাকে (৬১) হত্যার অভিযোগে করা মামলায় পাঁচ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন চিকিৎসক বিমল চন্দ্র শীল, মারুফুল, রাশেদুল, ফখরুল ও জাহাঙ্গীর।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পরিদর্শক আবু বকর মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অপর আসামিদের খুঁজে বের করতে তাঁদের রিমান্ডে নেওয়া জরুরি। শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক উজির আলী প্রথম আলোকে বলেন, এ আসামিদের উত্তরার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রায় ২৪ দিন ধরে মিয়াতা নিখোঁজ ছিলেন উল্লেখ করে ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় জিডি করেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে ঢাকায় ছিলেন হিরোয়ি। দীর্ঘদিন ধরে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া জাপান সরকারের পেনশনও পেতেন।

পুলিশ জানায়, ১৯ নভেম্বর জাপান দূতাবাসের একজন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় হিরোয়ি মিয়াতা নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে বলা হয়, জাপানে থাকা তাঁর মা দূতাবাসকে মিয়াতার নিখোঁজের বিষয়ে জানান। মিয়াতার মা দূতাবাসকে জানিয়েছেন, ২৬ অক্টোবরের পর থেকে মিয়াতার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। ওই জিডির সূত্র ধরে পুলিশ মিয়াতার থাকার জায়গা সিটি হোমস হোটেলে যায়। সেখান থেকে মিয়াতার পরিচিত আরও কয়েকজনের সঙ্গেও কথা বলে পুলিশ। মিয়াতার পরিচিত দুই পোশাক ব্যবসায়ী পুলিশকে জানান, ২০০৬ সালে মিয়াতার বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়। অবৈধভাবে উত্তরার সিটি হোমস হোটেলে দীর্ঘদিন ধরে থাকতেন তিনি। হোটেলে মিয়াতার অনেক টাকা বিল জমে যাওয়ায় আড়াই মাস আগে তাঁরা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় মিয়াতার থাকার ব্যবস্থা করে দেন। সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৯ অক্টোবর মিয়াতার মৃত্যু হয়। ২৭ অক্টোবর তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁকে পাশের একটি ওষুধের দোকান থেকে স্যালাইন ও ওষুধ কিনে খাওয়ানো হয়। অবৈধভাবে বাংলাদেশে থাকছেন বলে তাঁকে কোনো হাসপাতালে নিতেও সাহস করেননি তাঁরা। মৃত্যুর বিষয়টি তাঁর মাকে জানানো হয়। পরে বনানীর ১২ নম্বরে সিটি করপোরেশন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, এ বিষয়ে কেন এত গোপনীয়তা, তা নিয়ে মিয়াতার পরিচিত ব্যক্তিদের বক্তব্যে ফাঁক রয়েছে। এ কারণে পুলিশ হত্যা মামলা করার সিদ্ধান্ত নেয়।