জাপানি নারীর মরদেহ দূতাবাসে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যজনক মৃত্যুর প্রায় পাঁচ মাস পর জাপানি নারী হিরোয়ি মিয়াতার (৬১) মরদেহ ঢাকার জাপানি দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে জাপানি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সুধি ওনু ও সেকেন্ড সেক্রেটারি কসু মাতসোনাগারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
উত্তরা পূর্ব থানার ওসি মুশফিকুর রহমান মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এত দিন হিরোয়ির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা ছিল। দূতাবাসের কর্মকর্তারা মরদেহ কোথায় নেবেন, তা পুলিশকে জানাননি। হিরোয়ি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।
প্রায় ১০ বছর ঢাকায় ছিলেন হিরোয়ি। পুলিশ সূত্র বলেছে, ১৯ নভেম্বর জাপান দূতাবাসের একজন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় হিরোয়ি মিয়াতা নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, ২৯ অক্টোবর হিরোয়ির পরিচয় গোপন করে হালিমা খাতুন নামে উত্তরা ১২ নম্বর সেক্টরে ঢাকা উত্তর সিটি করপোরেশন কবরস্থানে সমাহিত করা হয়। এ ঘটনায় পুলিশ উত্তরা পূর্ব থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করে। গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, হিরোয়ি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।