জেট্রো চেয়ারম্যানের সাক্ষাৎ
জাপানি বিনিয়োগকারীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জাপানি বিনিয়োগকারীদের জন্য দেশে একটি স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমে জাপানের শিল্পোদ্যোক্তারা বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির সুযোগ নিতে পারে।জাপান এক্সটার্নাল অর্গানাইজেশনের (জেট্রো) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিরোইউকি ইশিজে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা জেট্রো-প্রধানকে দেশের প্রতিটি বিভাগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে তাঁর সরকারের পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, এসব অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা বিশেষ সুযোগ-সুবিধা পাবে।বৈঠকে শেখ হাসিনা দুই দেশের মধ্যে বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেতে থাকায়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, জাপানের উদ্যোক্তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং তথ্যপ্রযুক্তি (আইটি) সরঞ্জামসহ বিশ্বমানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াবে। তিনি হিরোইউকির প্রতি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল, বস্ত্র, সিরামিক, চামড়া ও চামড়াজাত সামগ্রীর ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান।