
বাংলাদেশে জাপানের বৃহৎ প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বড় পরিসরে মিশন পাঠানোর প্রক্রিয়া শুরুর জন্য শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। টোকিও সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এই আশ্বাস দিয়েছে জাপানের রাজনৈতিক নেতৃত্ব।
অর্থমন্ত্রী গতকাল শুক্রবার সকালে প্রথম আলোকে এ কথা জানান। তিন দিনের সফরে তিনি এখন জাপানের রাজধানী টোকিওতে আছেন। অর্থ মন্ত্রণালয় ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
আবুল মাল আবদুল মুহিত এর মধ্যে জাপানের অর্থমন্ত্রী তারো আসো এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।
অর্থমন্ত্রী মুহিত বলেন, জাপানের পক্ষ থেকে এই আশ্বাসের ফলে প্রস্তাবিত মেট্রোরেল প্রকল্পসহ বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রকল্পের যেগুলোতে জাপানের বিশেষ সম্পৃক্ততা রয়েছে, তা কোনো রকম দেরি ছাড়াই স্বাভাবিক ধারায় ফিরতে পারে।
গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলায় ৭ জাপানি নাগরিকসহ ২০ জন প্রাণ হারান। এ ঘটনায় ভীষণভাবে মর্মাহত জাপান নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে তাদের বিশেষজ্ঞসহ অপরিহার্য নয় এমন অধিকাংশ কর্মীকে দেশে ফিরিয়ে নেয়। এতে বাংলাদেশে জাপানের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা নেমে আসে।
এ অবস্থার প্রেক্ষাপটেই জাপান সফরে এসেছেন অর্থমন্ত্রী মুহিত। তাঁর সফরের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে গুলশান হামলার পর বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদারে সরকারের পদক্ষেপের অগ্রগতি সম্পর্কে জাপানের সরকারকে অবহিত করা। সেই সঙ্গে জাপানের তত্ত্বাবধানে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ আবার স্বাভাবিক করার অনুরোধ জানানো।
২০১৫ সালের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনার পর বাংলাদেশে জাপানি নাগরিকদের ভ্রমণ বিষয়ে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতামূলক পরামর্শ জারি করে। এতে বিশেষ প্রয়োজন ছাড়া জাপানি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ এড়ানোর কথা বলা হয়। তখনো তাৎক্ষণিকভাবে জাপান বাংলাদেশে নিয়োজিত তাদের বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মীদের সরিয়ে নেয়নি। ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগ বেড়ে যাওয়ায় তারা অপরিহার্য নয় এমন কর্মীদের প্রত্যাহার করে নেয়।