জাপানি মা: তিন শিশুর জিম্মার বিষয়ে সিদ্ধান্ত ১৪ নভেম্বর
জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের তিন শিশুসন্তানের জিম্মার বিষয়ে ১৪ নভেম্বর সিদ্ধান্ত জানা যাবে। পৃথক রিটের শুনানি শেষে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১৪ নভেম্বর দিন রেখেছেন।
তিন শিশুর মধ্যে দুই শিশু তাদের বাবা ইমরানের সঙ্গে জাপান থেকে বাংলাদেশে আসে ও আছে। অন্যদিকে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। বাংলাদেশে আসা ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে রিট করেন এরিকো। পরে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।
এর আগে আদেশ অনুসারে ২১ অক্টোবর দুই শিশুকে আদালতে উপস্থিত করা হয়। আদালত সেদিন তাদের বক্তব্য শোনেন। একই সঙ্গে ২৮ অক্টোবর শুনানির দিন রাখেন। এরপর পৃথক রিটের ওপর ২৮ অক্টোবর ও আজ শুনানি হয়। আদালতে এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাওজিয়া করিম ফিরোজ।
শিশুদের মায়ের করা রিটের ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে বলেছিলেন, দুই শিশু তাদের মা এরিকোর সঙ্গে গুলশানের বাসায় থাকবে। শিশুদের বাবা ইমরান দিনের বেলা তাদের সঙ্গে দেখা ও সময় কাটাতে পারবেন।
আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, এভাবেই ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। শুনানি নিয়ে হাইকোর্ট ১৪ নভেম্বর রায়ের জন্য দিন রেখেছেন।
২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান। গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। গত ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে ১৮ জুলাই বাংলাদেশে আসেন এরিকো। ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট রিট করেন এরিকো।