জাপানি সাগরে বাংলার নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাগাওয়া শহরের কেন্দ্রস্থলের খোলা চত্বরে নৌকা তৈরিতে ব্যস্ত বাংলাদেশি কারিগর ভজন সূত্রধর ও আবদুল হালিম ষ ছবি: প্রথম আলো
কাগাওয়া শহরের কেন্দ্রস্থলের খোলা চত্বরে নৌকা তৈরিতে ব্যস্ত বাংলাদেশি কারিগর ভজন সূত্রধর ও আবদুল হালিম ষ ছবি: প্রথম আলো

জাপানের কাগাওয়া জেলায় বাংলাদেশের শিল্প-সংস্কৃতি আর জীবনধারা তুলে ধরার যে উৎসব এখন চলছে, তার একটি আকর্ষণ হচ্ছে বাংলাদেশ থেকে আসা দুই কারিগরের নিজেদের হাতে তৈরি করা নৌকা। এক মাস ধরে তাকামাৎসু শহরের কেন্দ্রস্থলের এক খোলা চত্বরে নৌকা তৈরিতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের দুই শিল্পী—ভজন সূত্রধর আর আবদুল হালিম। বাংলাদেশ থেকে তাঁরা নিয়ে এসেছিলেন কাঁঠাল কাঠ ও নৌকা তৈরির সরঞ্জাম। সেগুলো ব্যবহার করে এ দুই কারুশিল্পী প্রায় মাসব্যাপী পরিশ্রম করে বানিয়েছেন বাংলার ছই খাটানো, পাল তোলা নৌকা। অবশেষে ১৮ আগস্ট জাপান সাগরে ভাসানো হয় বাংলার নদীর ঐতিহ্যবাহী নৌকা। পাঁচ মিটার লম্বা ও প্রায় দেড় মিটার উঁচু সেই নৌকা চারজন যাত্রী বহন করতে সক্ষম।বাংলার নৌকা জাপানের সাগরে ভাসানো উপলক্ষে তাকামাৎসু শহরের বিচ টাউন ইয়ট স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারাওয়া জেলা সরকারের বৈদেশিক যোগাযোগ বিভাগের প্রধান এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এতে উপস্থিত ছিলেন। জলযানের নিরাপদ চলাচল কামনা করে দুই দেশের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত ধূপকাঠি জ্বালানো এবং দেবতার উদ্দেশে জাপানি সুরা সাকে নিবেদন করার মধ্য দিয়ে সমুদ্রে ভাসানো হয় বাংলাদেশের সেই নৌকা।নৌকা ভাসানো উপলক্ষে আয়োজিত বিশেষ সেই অনুষ্ঠানে দেওয়া ভাষণে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নৌকাকে সাগরঘেরা দেশ জাপান ও নদী পরিবেষ্টিত বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, জাপান সাগরে ভাসানো বাংলাদেশের নৌকা জাপানিদের কাছে বাংলার লোকজ সংস্কৃতিকে ভালোভাবে তুলে ধরবে এবং দুই দেশের জনগণের মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করে তোলায় অবদান রাখবে। নৌকা তৈরির দুই কারিগর ভজন সূত্রধর ও আবদুল হালিম সেতোউচি ত্রিবার্ষিক শিল্পকলা উৎসবে অংশগ্রহণের জন্য জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাপানে আসেন। উৎসব শুরু হয় ২০ জুলাই। সেদিন থেকেই নৌকা তৈরির কাজ শুরু করেন তাঁরা। উৎসব শেষ হবে পয়লা সেপ্টেম্বর। তার আগেই পাল খাটানো সম্পূর্ণ নৌকা সাগরে ভাসাতে পেরে তাঁরা এখন তৃপ্ত ও আনন্দিত।