জাপানি 'মাস্কমেলন' চাষে সাফল্যের দাবি

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে জাপানি ‘মাস্কমেলন’ চাষ করতে সফল হয়েছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। বরেন্দ্র অঞ্চলের ঝিলিম ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জমিতে দুই বছর ধরে মাস্কমেলন নিয়ে গবেষণা করা হচ্ছে।
শিক্ষক মাহবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘মাস্কমেলন আমাদের দেশের বাঙ্গির মতো। গোলাকার মাস্কমেলন ফলটির ত্বক জালের মতো। ওজন ৮০০ থেকে ১ হাজার ২০০ গ্রাম পর্যন্ত হয়। চারা লাগানোর ১১০ থেকে ১৩০ দিনের মধ্যে গাছে ফল ধরে। জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এ ফলটি বেশ জনপ্রিয়। আঁশসমৃদ্ধ শর্করা থাকায় ফলটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে দেয় না। এ ছাড়া ভিটামিন এ, সি ও ডি দৃষ্টিশক্তি ও রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
গবেষক দলের প্রধান মাহবুবুর রহমান বলেন, জাপানের একটি উন্নত প্রজাতির মাস্কমেলনের বীজ সংগ্রহ করে তিনি গবেষণাটি শুরু করেন। দেশি জাতের তুলনায় স্বাদ ভালো হওয়ায় এর চাহিদা ভালো হবে। ফলে কৃষক পর্যায়ে ফলটি জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম রাশেদুল হাসান।