জাপানিদের মুগ্ধ করেছে বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্ম

বাংলাদেশের ১৩ জন তরুণ-তরুণীর শিল্পকর্ম জাপানিদের মুগ্ধ করেছে।
গত ১৯ এপ্রিল থেকে টোকিওর ‘দ্য সাতো মিউজিয়াম অব আর্ট’ গ্যালারিতে ‘গুশ’ শিরোনামে চিত্র প্রদর্শনীটি আজ মঙ্গলবার শেষ হয়েছে। এর আগে জাপানের কাসামাতে এই শিল্পীদের আরেকটি প্রদর্শনী হয় ১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
টোকিওতে গুশ প্রদর্শনীর প্রথম দিনই রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তা ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।
আজ জাপান থেকে টেলিফোনে শিল্পী অপরাজিতা রহমান প্রথম আলোকে জানান, প্রদর্শনীটিতে বাংলাদেশিদের চেয়ে জাপানিদের উপস্থিতি ছিল ভালো। বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্মে নতুনত্ব থাকায় জাপানিরা তা পছন্দ করেছেন।
১৩ জন শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁদের মধ্যে অপরাজিতা রহমান, মেহনাজ তাবাসসুব এবং রাজিব হোসেন ভূইয়া জাপানে গিয়েছেন। অন্যদের শিল্পকর্ম সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং তা প্রদর্শনীতে স্থান পায়। শিল্পীদের ব্যক্তিগত খরচ এবং জাপানের আসাহি সিম্বুন ফাউন্ডেশনের সহায়তায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিল্পীদের মোট ৭৫টি শিল্পকর্ম স্থান পায়। এর মধ্যে ১৪টি ছিল কারুশিল্প।
প্রদর্শনীতে জাপানে উপস্থিত তিনজন ছাড়া অন্য শিল্পীরা হলেন ফিদিয়া শাহনাজ, হৃদি আর্দ্রা আহমেদ, সুস্মিতা সাহা রিমি, আঁখিনুর বিনতে আলী, জাকিয়া আহমেদ, নুসরাত জাহান, আরিফা সুলতানা, নির্মল অধিকারী, জিন্নাতুন জান্নাত, মাহমুদা সিদ্দিকা।
অ্যাক্রিলিক, জলরং, পোস্টার কালার, মিশ্র মাধ্যম, ছাপচিত্রসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন শিল্পীরা।
অপরাজিতা রহমান জানালেন, জাপানের শিল্পী ইউশেমি নিশির সঙ্গে পরিচয় ছিল। তিনি বাংলাদেশে গিয়েছিলেন। মূলত তাঁর উদ্যোগেই এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ শিল্পী বিভিন্ন দেশের নতুন শিল্পীদের প্রোমোট করতে চান। প্রথম ছোট আকারের প্রদর্শনীটি তাঁর জন্ম শহর কাসামাতে অনুষ্ঠিত হয় সবার সঙ্গে পরিচিতি ঘটানোর জন্যই।
প্রদর্শনীতে অপরাজিতা রহমানের ছয়টি চিত্রকর্ম স্থান পেয়েছে।