জাপানে লোক পাঠানোর নামে প্রতারণার ঘটনা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতারণার সঙ্গে কোনো রিক্রুটিং এজেন্সির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সনদ বাতিল ও জামানত বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেবে সরকার। তবে সাধারণ মানুষকেও জাপানে যাওয়ার জন্য কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল রোববার জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সহযোগিতা সংস্থার (জিটকো) মাধ্যমে লোক পাঠানোর বিষয়ে বৈঠক শেষে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ-সচিব জাফর আহমেদ খান সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিটকো অনুমোদিত তালিকাভুক্ত ৩৩টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।জিটকোর মাধ্যমে শুধু প্রশিক্ষণার্থী কর্মী পাঠানোর একটি উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। এটি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু এই উদ্যোগের সুযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জাপানে কাজ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিচ্ছে বলে বহু অভিযোগ পাওয়া গেছে।জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুল ইসলামসহ বিএমইটি, মন্ত্রণালয়, জাপান দূতাবাস এবং বায়রার সদস্যরা গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন। জিটকোর মাধ্যমে জাপানে জনশক্তি রপ্তানির বিষয়ে এখনো কিছু চূড়ান্ত না হলেও গত এক বছরে অসাধু লোকেরা সাধারণ মানুষের কাছ থেকে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বায়রার সভাপতির মালিকানাধীন সরকার রিক্রুটিং এজেন্সিস, রেডিয়াস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড, আর্ডেন্ট ইন্টারন্যাশনাল এবং আমির অ্যাভিয়েশনসহ কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘জাপানে লোক পাঠানোর নামে চলছে প্রতারণা’ শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। গতকালের বৈঠকে সচিব আসাদুল ইসলাম রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিদের উদ্দেশ করে বলেন, ‘নিয়মিত লোক পাঠানো এবং জিটকোর মাধ্যমে জাপানে লোক পাঠানো এক বিষয় নয়। জিটকোর মাধ্যমে ৬৬টি পেশায় ১২৩ ধরনের কাজের লোক প্রশিক্ষণার্থী কর্মী (টেকনিক্যাল ইন্টার্ন) হিসেবে জাপানে যাওয়ার সুযোগ পাবেন। এখানে কোনো বেকার বা যার তার যাওয়ার কোনো সুযোগ নেই। অথচ সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অনেক অভিযোগ পাওয়া গেছে।’ সচিব বলেন, অভিযোগ প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির সনদ ও জিটকোর দেওয়া অনুমতিপত্র বাতিল করা হবে। সভা শেষে বায়রার জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সোবহান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, জাপানে জনশক্তি রপ্তানির একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোনো প্রতিষ্ঠান অনৈতিক আর্থিক লেনদেন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বৈঠকে অংশ নেওয়া জনশক্তি রপ্তানিকারক-প্রতিষ্ঠান সানফ্লাওয়ার ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দু-একটি রিক্রুটিং এজেন্সির অপকর্মের দায় কেন আমাদের সবাইকে নিতে হবে? আমরা চাই, যারা জাপানে লোক পাঠানোর নামে টাকা নিয়ে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’ আমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘আমরা চাই, যারা প্রতারণায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ তাফা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মালিক এ কে এম বারী প্রথম আলোকে বলেন, ‘কারও অপকর্মের কারণে যেন জিটকোর মতো একটি সুযোগ নষ্ট না হয়ে যায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ দুটি প্রতিষ্ঠানের প্রতিবাদ: ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং মিতুল ট্রেডিং নামে দুটি জনশক্তি রপ্তানিকারক-প্রতিষ্ঠান গতকাল পৃথক প্রতিবাদপত্রে দাবি করেছে, জাপানে লোক পাঠানোর নামে কোনো টাকা-পয়সা লেনদেনের সঙ্গে তারা জড়িত নয়।