জাপানে লোক পাঠানোর নামে প্রতারণা তদন্তে কমিটি
জাপানে জনশক্তি রপ্তানির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে সরকার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হযরত আলীকে কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রশিক্ষণ ব্যুরোর একজন প্রতিনিধি এবং বিএমইটির একজন সহকারী পরিচালক। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তদন্ত কমিটির প্রধান হযরত আলী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সহযোগিতা সংস্থার (জিটকো) মাধ্যমে লোক পাঠানোর জন্য কারও কাছ থেকে এক টাকাও নেওয়ার সুযোগ নেই। কিন্তু কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আমরা ঘটনা তদন্ত করে দেখব। কারও বিরুদ্ধে আর্থিক লেনদেনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’বাংলাদেশ থেকে প্রশিক্ষণার্থী নিতে ২০০৫ সালে জিটকোর সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সমঝোতা স্মারক সই হয়। গত বছরের ২১ মার্চ আরেকটি স্মারকে স্বাক্ষর হয়। কিন্তু কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগেই কয়েকটি রিক্রুটিং এজেন্সি জাপানে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়। অথচ জিটকোর মাধ্যমে জাপানে লোক পাঠানোর জন্য কোনো ধরনের টাকাপয়সা লেনদেনের সুযোগ নেই। জাপানে লোক পাঠানোর নামে এই প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন জিটকোর মাধ্যমে জাপানে প্রশিক্ষণার্থী পাঠানোর প্রাথমিক অনুমতি পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোও। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, গুটিকয়েক লোকের অপকর্মের দায় যেন সবার ওপর না পড়ে, সে জন্যই ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।