জাপানে সম্মানজনক পদক পেলেন সাবেক বিমানবাহিনী প্রধান
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদকে জাপান সরকার অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার ক্রস পদকে ভূষিত করেছে। আজ সম্রাটের প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে এ জি মাহমুদ জাপানের সম্রাট আকিহিতোর কাছ থেকে সম্মানজনক এই স্বীকৃতির পদক গ্রহণ করেন।
১৯৭৭ সালে ঢাকায় ছিনতাই হওয়া জাপান এয়ারলাইনসের একটি বিমানের যাত্রীদের নিরাপদ মুক্তির বিষয়ে ছিনতাইকারীদের সঙ্গে সফল আলোচনা চালিয়ে ছিলেন এ জি মাহমুদ। জিম্মি মুক্তি পাওয়ার ঘটনার ৪০ বছর পর ওই অবদানের স্বীকৃতি হিসেবে জাপান সরকার ৮৩ বছর বয়সী বিমানবাহিনীর সাবেক এই প্রধানকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। পদক গ্রহণের জন্য জাপানে সংক্ষিপ্ত সফরে এসেছেন এ জি মাহমুদ। কাল বৃহস্পতিবার তাঁর দেশে ফিরে যাওয়ার কথা।
প্যারিস থেকে মুম্বাই হয়ে টোকিও যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পর জাপানের রেড আর্মি দলের কয়েকজন সদস্য একটি বিমান ছিনতাই করে তৎকালীন ঢাকা বিমানবন্দরে অবতরণ করায়। সেখানে কয়েক দিন ধরে চলা আলোচনার ফলে যাত্রী ও ক্রুসহ বিমানের প্রায় ১৪০ জন আরোহীকে ছেড়ে দেওয়া হয়েছিল। জাপানের পরিবহন মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী হাজিমে ইশির নেতৃত্বে জাপান সরকারের একটি প্রতিনিধিদল সেই আলোচনায় যোগ দিতে ঢাকা এলে এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ সব রকমের সহায়তা করেন। জাপান সরকার ছিনতাইকারীদের দাবি মেনে নিয়ে নগদ অর্থ প্রদান ও দলের আটক কয়েকজন সদস্যকে মুক্তি দিলে কোনো প্রাণহানি ছাড়াই ওই ছিনতাই নাটকের অবসান ঘটে।
এ জি মাহমুদ গতকাল টোকিওতে ছিনতাই হওয়া বিমানের সেই সময়ের যাত্রীদের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যাত্রীরা সবাই তাঁদের জীবন রক্ষার চেষ্টা চালানোর জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ দেন।
জাপানের সাবেক মন্ত্রী হাজিমে ইশি সেই সময়ের ঘটনা নিয়ে পরবর্তীকালে একটি বই লেখেন। বইটি এখন বাংলা ভাষায় অনুবাদ করছেন বাংলা ভাষার জাপানি বিশেষজ্ঞ কাজুহিরো ওয়াতানাবে।