জাপানেও ইউনূসের সামাজিক ব্যবসা কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসাবিষয়ক (সোশ্যাল বিজনেস) কার্যক্রম জাপানের কাইয়ুশু দ্বীপের ফুকুওকা শহরেও চালু হলো। এশিয়ায় সামাজিক ব্যবসাকেন্দ্র (সোশ্যাল বিজনেস হাব অব এশিয়া) নামে গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন এবং এ লক্ষ্যে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরিত হয়। গতকাল রোববার ঢাকায় ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।যৌথ ঘোষণায় বলা হয়, এশিয়ার এই সামাজিক বাণিজ্যকেন্দ্র সামাজিক ব্যবসায় অগ্রগতি অর্জনে সহায়তা দেবে। জাপানসহ গোটা বিশ্বে সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে। যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন ফুকুওকার মেয়র হিরোশি ইয়োশিদা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস, কাইয়ুশু রেলওয়ের চেয়ারম্যান সুসুমু ইশিহারা ও কাইয়ুশু বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেতু অ্যারিকাওয়া।যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর মেয়র হিরোশি ইয়োশিদা বলেন, তিনি পৌর সরকারের পক্ষে ফুকুওকায় প্রথম সামাজিক ব্যবসার কার্যক্রম শুরু করলেন এ লক্ষ্যে যে, এতে করে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যদি এটা সফল হয়, তাহলে তিনি অন্যান্য ক্ষেত্রেও সামাজিক ব্যবসা চালু করবেন।এই সামাজিক ব্যবসাকেন্দ্র চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি যোগ দেন। এই ফুকুওকা শহর থেকেই ২০০১ সালে মুহাম্মদ ইউনূস এশিয়ান কালচারাল প্রাইজ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোয় জাপানে সামাজিক ব্যবসার ধারণা ও চর্চার প্রতি আগ্রহ বাড়ছে।