জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-৭-এর আউটরিচ বৈঠকে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
কাল শুক্রবার প্রধানমন্ত্রী সিমা কানকো হোটেলে জি-৭ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন। একই দিন প্রধানমন্ত্রী জি-৭ আউটরিচ লিডারদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেবেন। পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন।
আগামী শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও ওই দিন তাঁর বৈঠকের কথা রয়েছে।
পরে প্রধানমন্ত্রী জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে নাগোয়া ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।
আগামী রোববার সকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সংস্থা এফবিসিসিআই ও জাপানের ব্যবসায়ী নেতাদের সংস্থা জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।