জাপানের নাগরিক হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে কোমিও। তাঁর অ্যালবাম থেকে ছবিটি নেওয়া। ছবি: সংগৃহীত
হোসে কোমিও। তাঁর অ্যালবাম থেকে ছবিটি নেওয়া। ছবি: সংগৃহীত

রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে গতকাল শনিবার গভীর রাতে মামলাটি দায়ের করা হয়। জাপানের দূতাবাস থেকে তিন সদস্যের একটি দল গতকাল রাতে রংপুরে গেছেন। তাঁরা সেখানে তদন্তকাজ পরিদর্শন করছেন।
রংপুরের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউনিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।
গত সোমবার রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার রেশ কাটতে না-কাটতেই গতকাল শনিবার রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আলুটারি গ্রামে গুলি করে হত্যা করা হয় জাপানের নাগরিক কুনিওকে। পুলিশ এ ঘটনায় চার ব্যক্তিকে আটক করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) টুইট করে দাবি করেছে, তারা এ হত্যাকাণ্ড চালিয়েছে। একই সঙ্গে এ ধরনের আরও হামলার হুমকি দিয়েছে সংগঠনটি।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, কুনিও হোশি (৬৬) গত ৮ আগস্ট ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। আগামী বছরের ১৩ এপ্রিল পর্যন্ত তাঁর ভিসার মেয়াদ ছিল। তিনি রংপুর শহরের মুন্সিপাড়ায় এ কে এম জাকারিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। আলুটারি গ্রামে কুনিওর একটি প্রকল্প আছে। সেখানে তিনি একধরনের ঘাসের আবাদ করতেন।

এদিকে, জাপানি নাগরিককে হত্যার ঘটনার পর গতকাল রংপুর বিএনপি ও যুবদলের দুই নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁদের পরিবার। এই দুই নেতা হলেন মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী ওরফে বিপ্লব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ওরফে লাকু। রাশেদ-উন-নবী বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব-উন-নবী সোহেলের ছোট ভাই। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে পুলিশ বলেছে, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।

তদন্ত চলছে
জাপানের দূতাবাস থেকে ফার্স্ট সিকিউরিটি অফিসার কিনজুর নেতৃত্বে তিন সদস্যের একটি দল গতকাল রাতে রংপুরে গেছেন। তাঁরা রংপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য গঠিত বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন। মর্গে থাকা কুনিও হোশির লাশ দেখেছেন।

হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের কর্মকর্তা, ঢাকা থেকে র‍্যাবের দল রংপুরে গেছেন। তদন্তকাজে তাঁদের সহযোগিতা করছেন রংপুরের র‍্যাব ও পুলিশ।