জাপানের প্রধানমন্ত্রী ও যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান, যুবরাজ নারুহিতো এবং রাজবধূ মাসাকোর সঙ্গে দেখা করেছেন। গতকাল ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মুহাম্মদ ইউনূস গতকাল প্রধানমন্ত্রী নাওতো কানের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার সর্বশেষ অগ্রগতির খোঁজখবর নেন। এ ছাড়া তাঁরা জাপান এবং অন্যান্য দেশে সামাজিক ব্যবসার প্রয়োগের ব্যাপারে আলোচনা করেন।গ্রামীণ ও জাপানের মধ্যে বিদ্যমান অংশীদারি সম্পর্ক এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও তাঁরা কথা বলেন। এ সময় মুহাম্মদ ইনূসকে জানানো হয়, জাপানের সাহায্য সংস্থা জেআইসিএ সামাজিক ব্যবসায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী বলেন, মুহাম্মদ ইউনূসের নেওয়া পদক্ষেপগুলোয় তিনি সার্বিক সহযোগিতা দেবেন।মুহাম্মদ ইউনূস রাজপরিবারের আমন্ত্রণে গতকাল টোকিওর রাজপ্রাসাদে যান এবং যুবরাজ নারুহিতো ও রাজবধূ মাসাকোর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নারুহিতো ও মাসাকো তাঁর সঙ্গে সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজবধূ মাসাকোর বাবা সাবেক কূটনীতিক ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের বর্তমান সভাপতি বিচারপতি হিসাশি ওয়াদা এবং মুহাম্মদ ইউনূস দীর্ঘদিনের বন্ধু। বিজ্ঞপ্তি।