জাপানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন ৬ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুই দিনের সফরে ৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন। ২০০০ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির পর এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়া ছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকা সফরের সময় শিনজো আবে বিনিয়োগ বোর্ড, শীর্ষ বণিক সংগঠন এফবিসিসিআই এবং জেটরো আয়োজিত জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তৃতা করবেন।
এ বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের পর ফিরতি সফরে ঢাকায় আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই সফরের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারত্ব গড়ে তুলতে জাপান আগ্রহী।