আবের সঙ্গে রওশনের বৈঠক এরশাদ ছিলেন না
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সোনারগাঁও হোটেলে সাক্ষাতের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ লবিতেই ছিলেন। কিন্তু বৈঠকে রওশনের সঙ্গে তিনি ছিলেন না।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টার এ বৈঠকে রওশনের সঙ্গে ছিলেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টির তিন সাংসদ রওশন আরা মান্নান, নূরে হাসনা লিলি চৌধুরী ও সেলিম উদ্দিন।
সূত্র জানায়, এরশাদ হোটেলে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রীর সৌজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নিতে।
তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকে তাঁরা তৈরি পোশাক ও টেক্সটাইল খাত নিয়ে আলোচনা করেছেন। এ বছরের শেষের দিকে জাপান একটা ভালো সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে।