জাপানের প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ১৪ বছরের বিরতির শেষে এটাই হবে জাপানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।
শিনজো আবের সফরের প্রস্তুতি হিসেবে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। বৈঠক সূত্রে জানা গেছে, গত মে মাসে টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিনজো আবের শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নিজেদের মতামত তুলে ধরে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের সময় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতার পাশাপাশি যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এদিকে এ সফর উপলক্ষে ১৮ ও ২১ আগস্ট দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে ঢাকায় আলাদা আলাদা দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে জাপানের প্রস্তাবিত বে অব বেঙ্গল গ্রোথ বেল্ট বা ‘বিগ বি ইনিশিয়েটিভ’ নিয়ে টোকিওর কর্মকর্তারা নিজেদের প্রস্তাবটি বাংলাদেশের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবেন। কৌশলগত সহযোগিতার এ প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শিনজো আবে গত মে মাসে কথা বলেন।