চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলছেন জাপানের উদ্যোক্তারা। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল শনিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।জাপানি রাষ্ট্রদূত জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজনৈতিক অস্থিতিশীলতা তাঁকে হতাশ করেছে বলে খোলামেলাভাবে স্বীকার করেন শিরো সাদোশিমা। তবে তিনি আশা প্রকাশ করে এ-ও বলেন, ইতিহাস এ সাক্ষ্যই দিচ্ছে অতীতের মতো বাংলাদেশ এ সংকটও কাটিয়ে উঠতে পারবে। রাষ্ট্রদূত জানান, তিনি বছর দেড়েক আগে লক্ষ্য করেন, জাপানের অনেক প্রতিষ্ঠানই বাংলাদেশে ব্যবসা চালাতে আগ্রহী। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। শিরো সাদোশিমা বলেন, জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার (জেটরো) উদ্যোগে গত ফেব্রুয়ারির শেষে সনি, টয়োটা, ক্যানন, রিকো ও মিৎসুবিশির প্রতিনিধিরা বাংলাদেশে এসেছিলেন। চট্টগ্রাম সফরের সময় তাঁদের হোটেলের কাছে ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত হয়ে তাঁরা চলে যান। এ ছাড়া হরতালের কারণে গত মার্চে জাপানের সিনেটের বৈদেশিক উন্নয়ন সহায়তা-বিষয়ক এক প্রতিনিধিদলের ঢাকা সফর বাতিল করা হয়েছে। ঢাকায় জাপানের এ শীর্ষ কূটনীতিক বলেন, দাবি আদায়ের নামে হরতালে সহিংসতা চালানো শুধু গভীর উদ্বেগের নয়, দুঃখজনকও। এক প্রশ্নের জবাবে শিরো সাদোশিমা বলেন, সরকার বা বিরোধী দলের সঙ্গে এ নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা জাপানের নেই। কিন্তু বন্ধু হিসেবে এ পরিস্থিতিতে জাপানের মুখ বন্ধ করে বসে থাকা উচিত নয়। সংকট নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করতে আমি সবাইকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাই।’ পরিস্থিতির উন্নতি না হলে জাপানের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা গুটিয়ে নেবেন কি না—এ প্রশ্নের উত্তরে শিরো সাদোশিমা বলেন, ‘আমি নিশ্চিত করেই বলতে পারি তাঁরা উদ্বিগ্ন। তবে তাঁরা ব্যবসা গুটিয়ে নেবেন এমনটা আমাকে জানাননি।’রাষ্ট্রদূত বলেন, ঢাকায় জাপানের দূতাবাস বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহিত করছে। ইতিমধ্যেই হোন্ডা মোটরসাইকেল সংযোজনকারী কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতিষ্ঠানটি আগামী দিনে গাড়িও সংযোজন করতে পারে।