বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রবৃদ্ধির যে বলিষ্ঠ ছাপ সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে, জাপান তার সঙ্গে যুক্ত থেকে দেশের অর্থনীতির জন্য সুবিধা নিয়ে আসতে আগ্রহী।
বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরুর আগে গতকাল শনিবার হানেদা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ কথা বলেছেন। জাপানের সর্বাধিক প্রচারিত দৈনিক ইয়ুমিউরি এ খবর দিয়েছে।
পত্রিকাটির খবরে আরও বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে এশিয়ার দেশগুলো থেকে একক প্রার্থী ঠিক করে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে জাপান। তারা প্রত্যাশা করছে, বাংলাদেশ যেন জাপানের সমর্থনে সে দেশের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
জাপানের সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফরের খবর গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। দেশের প্রধান সব কটি জাতীয় দৈনিকের মুদ্রণ ও অনলাইন সংস্করণ ছাড়াও বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও গুরুত্ব পেয়েছে এ সফর।
ইয়ুমিউরির অনলাইন সংস্করণে গতকাল সকালে হানেদা বিমানবন্দরে বিমানে আরোহণের পর দরজার সামনে দাঁড়ানো প্রধানমন্ত্রী আবে ও স্ত্রী আকিয়ে আবের হাত তুলে শুভেচ্ছা জানানোর ছবি ছাপা হয়। মুদ্রণ সংস্করণের প্রথম পৃষ্ঠাতেও ভ্রমণের খবর জায়গা করে নেয়।
জাপানের প্রধান অর্থনৈতিক দৈনিক নিক্কেই শিম্বুন-এর খবরে উল্লেখ করা হয়, ভারত মহাসাগরীয় বলয়ের ২০০ কোটি জনসংখ্যা-অধ্যুষিত অঞ্চলে প্রবেশের চেষ্টায় দক্ষিণ এশিয়ার দুটি দেশের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ ও পণ্যের সরবরাহ উন্নত করার জন্য সাহায্য প্রদানের পরিকল্পনা করছে জাপান।
জাপানের এই প্রভাবশালী অর্থনৈতিক দৈনিক এর আগে গত মাসের শেষ দিকে প্রকাশিত দীর্ঘ এক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোকপাত করে বলেছিল, চীনের বিস্তৃতভাবে বাংলাদেশে প্রবেশ করার আগেই জাপানি বিনিয়োগ বাংলাদেশে বৃদ্ধি করা দরকার।
মায়নিচি শিম্বুনের অনলাইন সংস্করণ গতকাল বিকেলে প্রকাশিত সংবাদে বার্তা সংস্থা কিওদো নিউজের উদ্ধৃতি দিয়ে জাপানের প্রধানমন্ত্রীর ঢাকা বিমানবন্দরে পৌঁছার খবর ছাপে।