পূর্ব চীন সাগরে একটি দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধ মেটাতে বাংলাদেশের সমর্থন চায় চীন। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহায়তা চেয়েছেন।ঢাকায় চীনা দূতাবাসে গতকাল রোববার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াং ঝাওহুই। তিনি আরও জানান, দ্বীপের মালিকানা প্রশ্নে চীনকে সমর্থন জানাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।চীনের দাবি, ‘দিয়াওউ’ নামের ওই দ্বীপপুঞ্জটি তাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। আর দ্বীপপুঞ্জটিকে ‘সেনকাকু’ নামে আখ্যায়িত করে জাপান। তাদেরও দাবি, দ্বীপপুঞ্জটি তাদেরই। ঢাকায় চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ইয়াং ঝাওহুই জানান, প্রাচীনকাল থেকে দিয়াওউ চীনের উপকূলীয় নিরাপত্তাবলয় এবং অবিচ্ছেদ্য অংশ। ১৮৯৫ সালে চীন-জাপান যুদ্ধের পর টোকিও একতরফাভাবে ওই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে নেয়। ইয়াং ঝাওহুই বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে, জাপান তার ভুল শুধরে নেবে।’এদিকে, গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেন, ‘ঐতিহাসিক নানা তথ্য-উপাত্তে প্রমাণিত, দ্বীপটি জাপানের। ১৯৭০ সালে জাতিসংঘ এক সমীক্ষা চালানোর পর থেকেই চীন দ্বীপটির মালিকানা দাবি করছে। কারণ, ওই সমীক্ষায় দ্বীপের আশপাশে তেল-গ্যাসের উপস্থিতির সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।’