জাপানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার জাপানের টোকিওতে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি ভবন উদ্বোধন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
আজ শনিবার জাপানের টোকিওতে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি ভবন উদ্বোধন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাপান হচ্ছে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশগুলোর অন্যতম এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। জাপানের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক দিন দিন আরও জোরদার হবে।’
আজ শনিবার জাপানের টোকিওতে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সফরের মধ্য দিয়ে জাপানের সঙ্গে বন্ধুত্বের ভিত্তি স্থাপিত হয়েছিল। ঐতিহাসিক টোকিও নগরীর কেন্দ্রস্থলে আমাদের নিজস্ব একটি ঠিকানা পেয়ে আমরা নিঃসন্দেহে গর্বিত।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা লাভের পর জাপান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল। জাপান সরকার এবং জাপানের প্রতিটি লোক আমাদের জন্য তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল।’

বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি ভবন। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশের নবনির্মিত চ্যান্সারি ভবন। ছবি: ফোকাস বাংলা

প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে টোকিওর কেন্দ্রস্থলে কিওইচো, ছিওদা-কু এলাকায় বাংলাদেশের দূতাবাসের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা স্বাগত বক্তব্য দেন। জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের মহাসচিব ইচিরো তাসুকাদা এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারাও অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।